এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ মে : রাজ্য বিধানসভার নির্বাচনের ভোটগণনা আগামীকাল । তার আগে গতকাল ভার্চুয়াল বৈঠকে রাজ্যের দলীয় নেতাকর্মীদের বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো । গণনায় লোডশেডিং আশঙ্কা প্রকাশ করেছেন তিনি । এমনকি কোথাও কোথাও গণনাকেন্দ্রের সামনে ট্রান্সফর্মার পাহারা দিতে শুরু করেছে তৃণমূলকর্মীরা। যা নিয়ে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য । আজ রবিবার কলকাতায় দলের মুখ্য কার্যালয়ে সাংবাদিক বৈঠকে তিনি মমতাকে এনিয়ে খোঁচা দিয়ে বলেছেন,’মুখ্যমন্ত্রী শুধু এটুকুই লক্ষ রাখুন এবার যেন ভবানীপুরে লোডশোডিং না হয়৷’
উল্লেখ্য,২০২১ সালের বিধানসভার ভোটে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হন মমতা ব্যানার্জি । তারপর থেকেই মমতা দাবি করে আসছেন যে লোডশেডিং করে ভোটে জিতেছেন শুভেন্দু ৷ সেই দাবির কথা স্মরণ করিয়ে দিয়েই মূলত আজ শমীক ভট্টাচার্য তাকে খোঁচা দিলেন বলে মনে করা হচ্ছে । পাশাপাশি তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘ভবানীপুরে যতই আলো জ্বলুক না কেন, এবারে ফলাফল তৃণমূলের পক্ষে যাচ্ছে না ৷’
বিজেপির ভাল ফলের বিষয়ে আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি বলছেন, ‘আমি বারবার বলছি সব প্রত্যাশা বুক চিরে এক অপ্রত্যাশিত ফল অপেক্ষা করছে আগামীকালের জন্য। আর যে ফলাফল আমরা বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা থেকে বেরিয়ে এসেছে, তার সঙ্গে কোনও মিল থাকবে না।’ পাশাপাশি তিনি এও শুনিয়ে দেন যে ২০২১-এর পুনরাবৃত্তি হবে না, সব জায়গায় বাহিনী, বিজেপির এজেন্ট থাকবে ।।
