এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ অক্টোবর : “নাস্তিক” সিপিএমের সদর দপ্তরের সামনে চন্ডীপাঠের আসর বসল আজ মঙ্গলবার । আজ মহা তৃতীয়ার দুপুরে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য কার্যালয়ের নাকের ডগায় মঞ্চ বেঁধে এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া(আরপিআই) নামে একটি হিন্দুত্ববাদী দল । আরপিআই রাজ্য সহ সভাপতি রাজু ঘোষ বলেন, ‘আমাদের অনুষ্ঠানস্থল থেকে প্রায় দেড়’শ মিটার দূরে সাইনবোর্ডে পরিবর্তন হয়ে যাওয়া পার্টি সিপিএমের অফিস । ওই পার্টির কিছু বুড়ো লোক অহর্নিশ হিন্দু ধর্মকে গালাগালি করে । আমরা এই অনুষ্ঠান সল্টলেক বা ধর্মতলাতেও করতে পারতাম । কিন্তু ওই সিপিএমের নেতাদের কানে সেটা পৌঁছত না । আর এরপরেও যদি চণ্ডীপাঠ তাদের কানে না যায় সেজন্য সাথে করে বেলচা নিয়ে এসেছি ওদের কান পরিষ্কার করার জন্য ।’
এদিন দুপুরে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার (আরপিআই) উদ্যোগে আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের সদর দপ্তরের উলটো দিকে মঞ্চ বেঁধে চণ্ডীপাঠের আয়োজন করা হয় । সত্যজিৎ দাস নামে এক বিশারদকে অতিথি করে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। মাইক্রোফোন তাক করা ছিল সিপিএমের কার্যালয়ের দিকে । কয়েক জন মহিলাও চণ্ডীপাঠে অংশ নেন। সেই সময় সিপিএমের নেতারা কার্যালয়ে উপস্থিত ছিল বলে জানা গেছে । চণ্ডীপাঠে অংশগ্রহণকারী এক ব্যক্তি বলেন,’এই বামপন্থীরা সবসময় সনাতন ধর্মকে অপমান করে এসেছে। আমরা তাই ওদের পার্টি অফিসের সামনেই আজ নিজেদের ধর্মপালন করলাম। এখন আর কেউ বাধা দিতে পারবে না।’
অন্যদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিপিএমের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী কটাক্ষের সুরে বলেন, ‘আমাদের অনেক কর্মী আছেন, যাঁরা ওঁদের সঠিকভাবে চণ্ডীপাঠ করাটা শিখিয়ে দিতে পারবেন।’ তাঁর আরও বক্তব্য, সেখানে যে পাঠ হয়েছে, তা সঠিকভাবে করা হয়েছে কি না, তা তাঁর দলের কর্মীরাই বলতে পারবেন।
উল্লেখ্য,তথাকথিত ধর্মনিরপেক্ষ দল সিপিএমের নেতৃত্বের বিরুদ্ধে প্রায়ই হিন্দু ধর্ম নিয়ে কুমন্তব্য করার অভিযোগ ওঠে । সম্প্রতি সিপিএমের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য-এর বাড়িতে মুখোশধারীর দ্বারা বোতল হামলার পর তিনি হামলাকারীকে সরাসরি “হিন্দুত্ববাদী গুন্ডা” বলে চিহ্নিত করে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেন । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে “চরম হিন্দু বিদ্বেষী” বলে অবিহিত করে হুঁশিয়ারি দেন,৪৮ ঘন্টার মধ্যে ওই শব্দ তুলে নেওয়া না হলে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে । যদিও বিকাশ জানান যে তিনি ওই শব্দ তুলবেন না । ইতিমধ্যেই বিকাশের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে । তার মধ্যে কলকাতার দুটি থানা থেকে আজ ও আগামী কাল জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। যদিও এদিন বিকাশ থানায় হাজিরা দেননি খবর ।।

