এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,০৭ অক্টোবর : পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লকের লোহাগঞ্জ (পঞ্চনগর) এলাকায় গ্রামবাসীদের সহযোগিতায় ২৫ জন বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে আটক করেছে বিএসএফ ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৬ জনের মধ্যে ২৫ জন নিজেদের বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের বাসিন্দা বলে দাবি করেছেন। অপরজন পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানিয়েছেন। কয়েকজনের কাছে আধার কার্ডের পাশাপাশি বাংলাদেশি পরিচয়পত্র থাকার দাবিও উঠেছে। তাঁদের দাবি, প্রায় দু’বছর কাশ্মীরে ছিলেন। বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য অর্থ নেওয়ার চুক্তির কথাও উঠে এসেছে। তবে এসব তথ্যের সরকারি সত্যতা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করছে প্রশাসন।
জানা গেছে,ওই দলটি পশ্চিমবঙ্গের দালালের সহযোগিতায় বছর দুয়েক আগে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করে কাশ্মীরে বসবাস করছিল । তারা কাশ্মীরে গিয়ে শ্রমিকের কাজ করছিল । এখনও অনেকে কাশ্মীরে কাজ করছে বলে জানিয়েছে তারা । বর্তমানে কাশ্মীরে জোরদার রোহিঙ্গা বস্তি উচ্ছেদ অভিযান চলায় ওই বাংলাদেশিদের দলটি আতঙ্কিত হয়ে ফের নিজের দেশে ফিরে যাচ্ছিল । মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) ভোরে কুশমণ্ডি ব্লকের লোহাগঞ্জ (পঞ্চনগর) এলাকা দিয়ে ২৬ জনের ওই দলটি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় ফিরে যাওয়ার চেষ্টা করছিল ৷
স্থানীয় সূত্রে খবর,মঙ্গলবার ভোরে কুশমন্ডির মালিগাঁও অঞ্চলের লোহাগঞ্জে একসঙ্গে ২৬ জনকে ঘোরাঘুরি করতে দেখে গ্রামবাসীরা । ভোর ৫টা নাগাদ কানকিপাড়া কদমতলা মোড়ে তাঁদের দেখা যায়। পরিচয় জানতে চাইলে তাঁরা পঞ্চনগরের দিকে যাওয়ার চেষ্টা করে এবং পরে ধানের জমিতে ঢুকে পড়ে । এরপর স্থানীয়রা তাঁদের ঘিরে পঞ্চনগরের আমবাগান এলাকায় নিয়ে যান। খবর পেয়ে বিএসএফ জওয়ানেরা এসে তাদের ধরে ফেলে । এক ভারতীয় দালাল (বাবলু রায়) তাদের সহায়তা করছিলেন বলে দাবি করা হয়েছে। শুধুমাত্র কর্মসংস্থান না এর আড়ালে রয়েছে বৃহত্তর কোন চক্রান্ত খতিয়ে দেখছে প্রশাসন।।

