এইদিন বিনোদন ডেস্ক,১৭ আগস্ট : বলিউডের উদীয়মান অভিনেত্রী অনন্যা রাজ মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। আশ্চর্যজনকভাবে, অভিনেত্রী প্রায় এক মাস আগেই মারা যান। কিন্তু তার পরিবার এতদিন পর্যন্ত খবরটি গোপন রেখেছিল। এখন, তার পরিবার অনন্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে খবরটি প্রকাশ করেছে।
অনন্যা রাজের পরিবার তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছে : “এটি অনন্যার পরিবার। অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাচ্ছি যে, ১৫ই জুলাই ভোররাতে অনন্যা পরলোকগমন করেছে। সে ঘুমের মধ্যেই শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সে এক বছরেরও বেশি সময় ধরে শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছিল। সে একজন যোদ্ধার মতো এগুলো কাটিয়ে ওঠার জন্য লড়াই করেছিল।” পোস্টে লেখা হয়েছে, “সে খুব দৃঢ় ইচ্ছাশক্তির একটি মেয়ে ছিল। সে রানীর মতো জীবনযাপন করত। আমরা তোমাকে খুব মিস করব, আমার মেয়ে। আমরা সকলের কাছে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করার অনুরোধ করছি। আমরা প্রার্থনা করি, এই কঠিন সময়ে আমরা যেন একান্তে থাকতে ও শান্তিতে থাকতে পারি ।” ভক্তরা কমেন্ট সেকশনে অনন্যার আত্মার শান্তি কামনা করছেন।
মুম্বাইয়ে বেড়ে ওঠা অনন্যা রাজ একজন উদীয়মান বলিউড অভিনেত্রী। ২০১৬ সালের ‘সেভেন আওয়ার্স টু গো’ ছবির মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে তিনি ২০১৭ সালের ‘দ্য ফাইনাল এক্সিট’ ছবিতে অভিনয় করেন। অনন্যা রাজ বিক্রম ভাটের ২০১৯ সালের ভৌতিক ছবি ‘ঘোস্ট’-এও তাঁর অভিনয় দক্ষতার পরিচয় দেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি ওয়েব সিরিজ এবং স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করেছেন।।
