এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ মে : শপথগ্রহণ অনুষ্ঠানের আগের রাত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত দলীয় কর্মীর চিকিৎসার ব্যবস্থা করতে হাসপাতালেই কাটালেন হুগলির তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান । আজ শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকারের শপথগ্রহণের দিন। নবনির্বাচিত বিধায়করা যখন মন্ত্রিত্বের পদ নিয়ে ব্যস্ত ছিলেন,তখন রাত প্রায় দেড়টার সময়েও সন্তু পানকে কলকাতার এস এস কে এম হাসপাতালের ট্রমা সেন্টারের সামনে দেখা গেল । তিনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলায় গুরুতর আহত এক বিজেপি কর্মীর চিকিৎসার ব্যবস্থা করেন । অ্যাম্বুলেন্সের পিছন পিছন উদ্বেগের সাথে তাকে ছুটতে দেখা যায় । ডাক্তারদের সঙ্গে কথা বলা থেকে শুরু করে সমস্ত চিকিৎসার ব্যবস্থা দেখাশোনা নিজেই করেন তিনি ।
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সন্তু পান । তাকে বলতে শোনা যায়,”তৃণমূলের গুন্ডারা আমাদের কর্মীর উপর হামলা করেছে । ওকে এস এস কে এম-এর ট্রমা কেয়ারে আনা হয়েছে । সিরিয়াস কন্ডিশন । তারকেশ্বরে চিকিৎসা হয়নি । আরামবাগের চিকিৎসা হয়নি । কলকাতার ট্রমা কেয়ারে আনতে হয়েছে । স্প্যানাল কর্ডের অংশ ভেঙে গেছে ।” সন্তু পান মাত্র দেড় মাস আগে সাংবাদিকতা ছেড়ে রাজনীতিতে প্রবেশ করেছেন। তাকে তারকেশ্বর থেকে প্রার্থী করে দল । নির্বাচনে জয়ী হয়েছেন তিনি ।।
Author : Eidin Desk.
