এইদিন বিনোদন ডেস্ক,২৪ এপ্রিল : আন্তর্জাতিক বক্স অফিসে চমক দেখাচ্ছে বলিউড তারকা অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’। সাম্প্রতিক আয়-পরিসংখ্যানে আলোচিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’কে পেছনে ফেলে এগিয়ে গেছে ছবিটি। গত এক সপ্তাহের হিসেবে ‘ভূত বাংলা’ আন্তর্জাতিক বক্স অফিস তালিকায় উঠে এসেছে ২০ নম্বরে। শুধু গত মঙ্গলবারই সিনেমাটির আয় ছিল ২ লাখ ৬০ হাজার ডলার। সপ্তাহজুড়ে এর মোট আয় দাঁড়িয়েছে ৯ লাখ ৫০ হাজার ডলার। বিশ্বের প্রায় ৫০০টি হলে চলছে অক্ষয় কুমার অভিনীত এই সিনেমা।
অন্যদিকে, রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মুক্তির পর ভালো ব্যবসা করলেও বর্তমানে গতি কিছুটা কমেছে। আন্তর্জাতিক বাজারে সিনেমাটির মোট আয় ২৭ কোটি ৯ লাখ ডলার বলে জানা গেছে। তবে সর্বশেষ মঙ্গলবার আয় ছিল মাত্র ৯৩ হাজার ডলার। বর্তমানে এটি ১৫৮টি হলে প্রদর্শিত হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক বক্স অফিসে শীর্ষে রয়েছে ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। গত মঙ্গলবার সিনেমাটির আয় ছিল ৩০ লাখ ডলার, আর সপ্তাহ শেষে মোট আয় দাঁড়িয়েছে ৩৬ মিলিয়ন ডলার।
দ্বিতীয় স্থানে রয়েছে ‘প্রজেক্ট হেইল মেরি’। সপ্তাহ শেষে সিনেমাটির আয় ২১ মিলিয়ন ডলার এবং মোট আয় ২৮৯ কোটি ডলার। তৃতীয় স্থানে আছে ‘দ্য মমি’, যার সপ্তাহ শেষে আয় ১৪ মিলিয়ন ডলার। এছাড়া ‘দ্য ড্রামা’ চতুর্থ এবং ‘ইউ, মি অ্যান্ড টাস্কানি’ পঞ্চম স্থানে রয়েছে।।
