এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,০৮ নভেম্বর : বাংলাদেশের দিকে কিছুই নেই,ভারতে ঢোকার জন্য তারা সীমানায় ওৎ পেতে বসে আছে– এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । আজ রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পে সেনাবাহিনীর জওয়ানদের সাথে কালীপুজোর শুভেচ্ছা বিনিময় ও দীপাবলি উৎসব উদযাপন করেন মুখ্যমন্ত্রী । বিএসএফের হাতে একটি করে লাল গোলাপ ফুল তুলে দেওয়ার পাশাপাশি এক প্লেট করে মিষ্টি তুলে দেন । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,’আমি একদম শেষ ভাসমান জেটিতে উঠে বাইনোকুলার দিয়ে দেখেছি, বাংলাদেশের দিকে কিচ্ছুই নেই সব ওৎ পেতে বসে আছে, কখন বিএসএফ একটু আড়াল হবে এবং এদিকে ঢুকে পড়বে ।’ মুখ্যমন্ত্রী জানান,বাংলাদেশ সীমান্তে ইছামতি নদীসহ জলপথে বেড়া দেওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে তার সরকার । জলপথে বেড়া দেওয়ার কাজ হলেই সীমান্তে ১০০ শতাংশ ফেন্সিং সম্পূর্ণ হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন ।
বিএসএফ দক্ষিণ বঙ্গের মহানিরীক্ষক(Inspector General) দলজিৎ সিং সীমান্ত সুরক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছেন । তার মধ্যে অন্যতম হল সীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা । সীমান্ত এলাকায় অধিক পুলিশ থানা স্থাপন । এছাড়া, ভালো কাজের সম্মান স্বরূপ সীমা সুরক্ষা অ্যাওয়ার্ড চালু করার প্রস্তাব দেন তিনি ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফ দক্ষিণ বঙ্গের মহানিরীক্ষকের এই সমস্ত প্রস্তাব গ্রহণ করেছেন । পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিএসএফ সম্পর্কে যেসমস্ত “কুকথা” বলেছিলেন তার জন্য বিএসএফের কাছে ক্ষমা চেয়ে নিয়ে শুভেন্দু অধিকারী বলেন,’অতীতকে ভুলে যান । এখন আমাদের একজোট হয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে ৷’ এদিন হিঙ্গলগঞ্জ বিএসএফ ক্যাম্পের কর্মসূচি শেষে হিঙ্গলগঞ্জ থানায় আয়োজিত কালী পুজোর শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ।।
Author : Eidin Desk
