এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ নভেম্বর : শুক্র- শনিবার মধ্যরাতে অভিষেক ব্যানার্জির বার্থডে সেলিব্রেশনে সংঘর্ষের ঘটনা কালীঘাট তৃণমূল নেতা ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছে পুলিশ । এই ঘটনায় কালীঘাট পুলিশ চারটি এফআইআর দায়ের করেছে। পুলিশ কর্মীদের ওপর কথিত হামলার অভিযোগে দুটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। এই এফআইআরগুলোর মধ্যে একটিতে স্বয়ং ব্যানার্জীর নাম রয়েছে। পাশাপাশি বিশৃঙ্খলার মধ্যে এক পুলিশ কর্মকর্তাকে চড় মারার অভিযোগে একবলপুরের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে,অভিষেক ব্যানার্জির অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধেও এফআইআর করা হয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক ব্যানার্জি-সহ অন্যান্যদের বিরুদ্ধেও এফআইআর।
শুক্রবার গভীর রাতে অভিষেক ব্যানার্জীর জন্মদিন উদযাপনের জন্য তাঁর সমর্থকেরা কালীঘাটে বাসভবনের বাইরে জড়ো হয়েছিল । তাতে রাস্তা সম্পূর্ণ অবরোধ হয়ে যায় বলে অভিযোগ । যা নিয়েই মূলত ঝামেলার সূত্রপাত হয় । সেই সময় বিজেপির কিছু কর্মী পটুয়া পাড়ায় কালী প্রতিমা নিতে এলে তাদের সমস্যার মুখে পড়তে হয় । বিজেপি ‘চোর চোর’ এবং অভিষেকের লোকজন ‘জয়বাংলা স্লোগান’ দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । শ্লোগান ও পাল্টা স্লোগনের মাঝে দু’পক্ষের মধ্যে হাতাহাতি এবং ইট বৃষ্টি শুরু হয়ে যায় । ভোর রাত পর্যন্ত দফায় দফায় দুপক্ষ একে অপরের দিকে স্লোগান এবং তেড়ে যাওয়ার ঘটনা শুরু করে। দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ ভোরের দিকে দু’পক্ষকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিয়ন্ত্রণে আনার সময় পুলিশের উপরেও চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকেরা। কয়েকজনকে আটক করেছে পুলিশ।
বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এই জন্মদিন উদযাপনের সমালোচনা করে অভিযোগ করেন যে, এর ফলে স্থানীয় বাসিন্দাদের অসুবিধা হয়েছে। তিনি বলেন, ‘আপনারা যদি নিজেদের জন্মদিন উদযাপন করতে চান, তাতে কোনো সমস্যা নেই। আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা নেতাজি ইনডোর স্টেডিয়াম ভাড়া করে অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। আপনাদের কে বাধা দিয়েছে? কিন্তু নিজেদের বাসভবনের বাইরের ফুটপাত দখল করে জনসাধারণের অসুবিধা সৃষ্টি করা অগ্রহণযোগ্য।’
পরে অভিষেক ব্যানার্জী তাঁর বাসভবন থেকে বেরিয়ে আসেন, যার পর বিজেপি নেতারা অভিযোগ করেন যে তিনি পুলিশ কর্মীদের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন এবং আক্রমণাত্মকভাবে কথা বলেছেন।বিজেপি বিধায়ক সজল ঘোষও পুলিশের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তুলে অভিষেকের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন যে অভিষেক ব্যানার্জীর মনে রাখা উচিত যে তাঁর পিসি মমতা ব্যানার্জী আর রাজ্যের পুলিশ মন্ত্রী নন।
এরপর শনিবার বিকেলে ফের জন্মদিনের উদযাপনের অংশ হিসেবে কেক কাটার জন্য সমর্থকরা অভিষেক ব্যানার্জীর বাসভবনের বাইরে আবার জড়ো হলে উত্তেজনা পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে। তবে, ১৬৩ ধারা জারি থাকায় পুলিশ সমর্থকদের বাসভবনের ভেতরে চলে যেতে বলে। সমবেত জনতা বাইরে কেক কাটার ব্যাপারে অনড় থাকলে এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হয় ।।
