এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৭ সেপ্টেম্বর : দুপুরে হুগলির শ্রীরামপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় যোগ দিতে যাওয়ার সময় কুণাল ঘোষের গাড়িতে হামলা হয় বলে অভিযোগ । তার ২৪ ঘন্টার মধ্যেই আজ রবিবার নিজের নির্বাচনী এলাকা বেলেঘাটায় আক্রান্ত হন কুণাল । কোনো রকমে নারকেলডাঙা থানায় পালিয়ে এসে কান্নায় ভেঙে পড়েন ‘কালীঘাট তৃণমূল’ বিধায়ক । যা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন টিপ্পনি করছে ।
এক সময়ে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রধান ঋজু দত্ত পর্যন্ত কুণাল ঘোষের কান্না নিয়ে মস্করা করতে ছাড়েননি । মমতা ব্যানার্জির শাসনকালে কুণালের কান্নার ভিডিও-এর সাথে নারকেলডাঙা থানায় তার কান্নার ভিডিও সংযুক্ত করে ঋজু লিখেছেন,’কাকু কাঁদছে…আগে মমতা দি কাঁদিয়েছে,এখন শুভেন্দু দা কাঁদাচ্ছে৷ কাকুর চোখের জলের কি বিচার হবে না? হবে না কি বিচার? কাকু কি শুধু কেঁদেই যাবে ?? আহাঃ রে…” পাশাপাশি তিনি কান্নার ইমোজিও সংযুক্ত করেছেন ।
আজকের ‘হামলার’ বিষয়ে কুণাল ঘোষের কথায়, ‘আজ আবার আমার উপর ভয়ঙ্কর হামলা হল । খুনের চেষ্টা। বাইকবাহিনী দিয়ে তাড়া করে ঘিরে গাড়ির কাঁচ হাতুড়ি দিয়ে মেরে ভেঙে আমাকে টেনে বার করে গুলির চেষ্টা করল। আমার নিরাপত্তারক্ষী রিভলবার বার করে অবস্থা সামলায়। দুষ্কৃতী তান্ডব বা সুপারি কিলারদের হাত থেকে বাঁচতে কোনো রকমে নারকেলডাঙা থানায় গাড়ি ঢোকাই আমরা।
আমি বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে যাচ্ছিলাম বিধায়ক হিসেবে উন্নয়নের কাজের ফলো আপ করতে । বাড়ির সামনে থেকে অনুসরণ। ফুলবাগান থেকে বাইকবাহিনীর তান্ডব। তারপর রাস্তা ঘুরে নারকেলডাঙা মেন রোডের বিস্তীর্ণ অংশে হামলা।
এটা কলকাতা শহর? জঙ্গলের রাজত্ব চলছে বাংলায় । এভাবে আমাকে থামানো যাবে না। প্রেসারটা খুব বেড়ে আছে। তবু, এর পরেও বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে যেখানে আমার যাওয়ার কথা ছিল, আমি গিয়েছি। দলের সহযোদ্ধাদের কাছে কৃতজ্ঞ, সঙ্গে থাকছেন। দিদি, অভিষেক খবর নিয়েছেন। অন্য দল থেকেও ফোন পেয়েছি। জয় বাংলা ।’
পরে তিনি সোশ্যাল মিডিয়ায় আরও লিখেছেন, ‘পুরসভার সঙ্গে সমন্বয়ে বেলেঘাটায় রাস্তা সারানোর কাজের উদ্যোগে সক্রিয় বিধায়ক। যতই হামলা চলুক, কাজ থেকে থামাতে পারবে না। অবস্থানও একই থাকবে।’।

