এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ জুন : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার মাস্টারমাইন্ড পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগ তুলে ঠাকুরপুকুর থানায় একটি এফআইআর দায়ের করেছেন এক মহিলা। তবে শুধু পার্থই নন,এই গুরুতর মামলায় আসামি করা হয়েছে ঠাকুরপুকুর অঞ্চলের ১২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলার ঘনশ্রী বাগ এবং তাঁর দুই সহযোগী তিলক ভট্টাচার্য ও সুদীপ ঘোষকেও । অভিযোগকারিনী জানিয়েছে,২০২০ সালের এই ঘটনায় ঘটলেও তৃণমূল রাজ্যে শাসনক্ষমতায় থাকায় তিনি ভয়ে মুখ বন্ধ রেখেছিলেন । অবশেষে রাজ্যে পালাবদল হওয়ায় দীর্ঘ ৬ বছর পর তিনি এনিয়ে অভিযোগ দায়ের করার বিষয়ে সাহস সঞ্চয় করেন ।এদিকে যেহেতু এটি ৬ বছর আগেকার ঘটনা, তাই পুলিশ ভারতীয় দণ্ডবিধিতেই মামলা দায়ের করেছে।
অভিযোগকারিণী গৃহবধূ ঠাকুরপুকুর রোডের বাছার পাড়ার বাসিন্দা। তাঁর শ্বশুরমশাই ছিলেন এলাকার এক পরিচিত বিজেপি নেতা। ২০২০ সালে এলাকার একটি রাজনৈতিক সংঘর্ষে এক যুবক আহত হলে তাঁর শ্বশুরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়। পরে তাঁর শ্বশুরের জেল হয়।
মহিলার অভিযোগ,এই অন্যায়ের প্রতিবাদ করায় তিনি তৃণমূল কংগ্রেসের বেহালা পশ্চিমের প্রাক্তন বিধায়ক ও প্রভাবশালী মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ঘনিষ্ঠ কাউন্সিলার ঘনশ্রী বাগের রোষের মুখে পড়েন তার ছেলে ও তাকে চুপ করে থাকার জন্য ডেকে হুমকি পর্যন্ত দেয় প্রাক্তন বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় ও ১২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর । আর তাদের হুমকির কারনে তাঁদের পারিবারিক ব্যবসা টানা ছয় মাস বন্ধ করে রাখতে হয় । যার ফলে প্রায় ৪০ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়। পরবর্তীতে শ্বশুরকে জেল থেকে প্রতিশ্রুতি দিয়ে শ্বশুরকে ছাড়িয়ে নেওয়ার পর তাঁদের পরিবারের উপর চাপ দিয়ে ২৫ লক্ষ টাকা তোলা তোলেন কাউন্সিলর ঘনশ্রী বাগ । কিন্তু ২০২০ সালের জুলাই মাসে জেল হেপাজতেই মৃত্যু হয় তার ।
মহিলার অভিযোগ, সেই সময় ১ কোটি টাকা দাবি করে কাউন্সিলর ঘনশ্রী বাগ ও তার সহযোগী তিলক ও সুদীপ। টাকা দিতে অস্বীকার করায় তাঁদের ওপর চলে লাগাতার খুনের হুমকি। আর এই গোটা ঘটনার নেপথ্যে পার্থ চট্টোপাধ্যায়ের মদত আছে বলে অভিযোগ তার ।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ দিন জেলবন্দি থাকার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন পার্থ চ্যাটার্জি৷ কিন্তু এরই মঝে তার বিরুদ্ধে ফের এমন গুরুতর অভিযোগ ওঠায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে ।পুলিশ জানিয়েছে,অভিযোগ অত্যন্ত গুরুতর। সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। তদন্তের প্রয়োজনে প্রাক্তন কাউন্সিলর ঘনশ্রী বাগ, তিলক ভট্টাচার্যদের তলব করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।।
