এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৩ অক্টোবর : ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটের ওমানি সহ-পাইলটের দ্বারা মাঝ- আকাশে জিহাদি হামলার ঘটনার তদন্ত আরও বিস্তৃত হলো ৷ ওই ঘটনায় সংযুক্ত আরব আমিরাতে মালদ্বীপের ২ পাইলটকে আটক করা হয়েছে । প্রতিবেদন অনুযায়ী,অভিযুক্ত ওমানি সহ-পাইলট হাম্মাম আল-হাম্মামির সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে গত ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে দুই মালদ্বীপের পাইলটকে আটক করা হয়েছে। দুই পাইলটের পরিচয় প্রকাশ করা হয়নি এবং কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই আটকের খবর নিশ্চিত করেনি বা তাদের কথিত যোগসূত্রের প্রকৃতিও প্রকাশ করেনি।
মালদ্বীপের গণমাধ্যম জানিয়েছে যে, পাইলটরা অভিযুক্ত হামলাকারী হামাম আল-হাম্মামিকে চিনত, তার সাথে কাজ করত এবং একই আবাসিক ভবনে থাকত। তারা দুজনেই এর আগে ইসরায়েলগামী ফ্লাইদুবাই রুটে ফ্লাইট পরিচালনা করেছে । সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মালদ্বীপ দূতাবাস আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারকে আটকের বিষয়টি জানিয়েছে।
ঘটনাটি ঘটেছিল গত ৩০শে সেপ্টেম্বর, যখন দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী একটি ফ্লাইটে আল-হাম্মামি ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে কুড়াল দিয়ে আক্রমণ করে এবং কোপায় । ক্রু সদস্য ও যাত্রীদের সহায়তায় সহ-পাইলটকে কাবু করার পর বিমানটি সৌদি আরবে জরুরি অবতরণ করে।এখনও পর্যন্ত প্রকাশ্যে নিশ্চিত করা হয়নি যে, কোনো পাইলট এই ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন বা তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রসিকিউটররা বলছেন, আল-হাম্মামি একাই এই কাজ করার কথা স্বীকার করেছ, কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে তার কোনো সহযোগী বা অতিরিক্ত সংযোগ ছিল কিনা। ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এই হামলা এবং এর পেছনের সম্ভাব্য বৃহত্তর ষড়যন্ত্র তদন্তের জন্য একটি মামলা দায়ের করেছে। তদন্ত চলছে।।

