এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১০ নভেম্বর : গত শুক্রবার রাতে কালীঘাটে অভিষেক ব্যানার্জির “মিড নাইট সেলিব্রেশনে” সংঘর্ষের সময় পুলিশের উপর হামলায় অভিযোগে ধৃত ৩ জনকে সঙ্গে নিয়ে ঘটনার পুননির্মাণ করল পুলিশ । ধৃত ৩ তৃণমূল কর্মী হলেন : মহম্মদ তৌকির আলম, মহম্মদ এরশাদ এবং শ্রীদীপ দাস ৷ আজ মঙ্গলবার সকালে তাদের অকুস্থলে গিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। এই মামলাটি বর্তমানে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে রয়েছে বলে জানা গেছে ।
গত শুক্র ও শনিবার মধ্যরাতে অভিষেক ব্যানার্জির ‘মিড নাইট সেলিব্রেশনে’র জন্য তার কালীঘাটের বাড়ির সামনে ১২১ কালীঘাট রোডে জড়ো হয়েছিল তৃণমূলের কর্মীরা । রাত্রি প্রায় দুটো নাগাদ বিজেপির কিছু লোকজন কালীঘাট পটুয়াপাড়ায় কালী প্রতিমা আনতে গিয়ে রাস্তা অবরুদ্ধ দেখলে অশান্তি বাধে । শ্লোগান পালটা শ্লোগান থেকে ধাক্কাধাক্কি ও ইঁটপাটকেল ছোড়াছুড়িতে গড়ালে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে তাদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ ।
এই ঘটনায় কালীঘাট থানায় মোট চারটি মামলা রুজু হয়েছে৷ । এর মধ্যে দুটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। গুড়িয়া হরি নামে স্থানীয় এক মহিলা অভিষেক ব্যানার্জিসহ তিন ডজনের অধিক অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে ।রবিবার ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হলে বিচারক তাঁদের আট দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
গতকাল দীঘায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন,’ঘটনায় চার্জশিট ও কাস্টডি ট্রায়াল হবে ।’ তিনি অভিযোগ করেন,’কালীঘাটের অশান্তির পিছনে হরিশ চ্যাটার্জি বা হরিশ মুখার্জি রোডের বাসিন্দারা নন, একবালপুরের লোকজন জড়িত৷’ মুখ্যমন্ত্রী এও প্রশ্ন তোলেন,’রাত ২টোয় একবালপুর থেকে কয়েকজন অভিষেকের বাড়ির সামনে কেন ?’ উল্লেখ্য,কলকাতার একবালপুর হল মুসলিম অধ্যুষিত এলাকা৷ এদিকে কালীপূজার ঠিক আগের রাতেই রাস্তা অবরোধ করে রেখে অভিষেকের জন্মদিন উদযাপন করায় কালীঘাট পটুয়াপাড়ার শিল্পিদের মধ্যেও তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ।।
