এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৭ আগস্ট : বাংলাদেশের বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামে এক হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে মাসুদ দেওয়ান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয় । ধৃত মাসুদ দেওয়ান উপজেলার রামপুরা গ্রামের মৃত আক্কাছ আলী দেওয়ানের ছেলে।
জানা যায়, গত ৪ আগস্ট ভোর রাতে উপজেলার রামপুরা গ্রামের ৩৮ বছর বয়সী এক হিন্দু গৃহবধূর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, ওই নারীর স্বামী রাত প্রায় ৩টার দিকে মাছ ধরতে বাড়ি থেকে বের হলে তিনি স্বামীকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় বাড়ির পাশে ওঁৎ পেতে থাকা মাসুদ দেওয়ান তাকে আকস্মিকভাবে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে৷ বধূ চিৎকার করে উঠলে তার স্বামী ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেললেও মাসুদ কৌশলে পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় ।
পরে এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার রাতে রামপুরা গ্রাম থেকে অভিযুক্ত মাসুদ দেওয়ানকে গ্রেপ্তার করে।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিঁয়া জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে । মামলার তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।।
