এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০২ সেপ্টেম্বর : দলের উর্ধ্বতন নেতৃত্বের ভূমিকায় অসন্তুষ্ট হয়ে পদত্যাগপত্র জমা দিলেন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ঝিলু ২ পঞ্চায়েতের বিজেপির সদস্য অরূপ দে । তিনি মঙ্গলবার বিকেলে বিডিও-র কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়ে আসেন বলে জানা গেছে। অরূপ দের অভিযোগ,’দলের উর্ধ্বতন নেতৃত্বের কাছে সহযোগিতার পরিবর্তে অসহযোগিতা পাচ্ছি । বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছেন। তাই আমি পঞ্চায়েতের সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিই।’ বিষয়টি নিয়ে চরম অস্বস্তিতে পড়েছে শাসকদল ।
যদিও ঠিক কি প্রকার অসহযোগিতা তা তিনি খোলসা করেননি । তবে দলীয় সূত্রে জানা গিয়েছে যে, সরকারি আবাস যোজনায় অনিয়মের প্রতিবাদ করেছিলেন ঝিলু ২ অঞ্চলের বাবলাডিহি গ্রামের বাসিন্দা অরূপ দে । আসলে,সম্প্রতি আবাস যোজনা প্রকল্পে যোগ্য উপভোক্তাদের চিহ্নিত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে ঝিলু ২ পঞ্চায়েত এলাকায় সার্ভে হয় । তাতে প্রশাসনিক প্রতিনিধিদের সঙ্গে সহযোগিতা করেন অরূপবাবু। কিন্তু বেশকিছু অবস্থাপন্ন পরিবারকেও আবাস যোজনার অনুদান পাইয়ে দেওয়ার চেষ্টা চলছিল বলে অভিযোগ । যার বিরোধিতা করেন অরূপবাবু । বিষয়টি নিয়ে তিনি দলের উর্ধ্বতন নেতৃত্বের কাছে নালিশ জানিয়েছিলেন । কিন্তু সেখান থেকে কোনো সহযোগিতা তো দুরের কথা অসহযোগিতা করা হচ্ছিল বলে অভিযোগ। তাই তিনি সরাসরি পঞ্চায়েত সদস্যের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন ।
যদিও আজ বুধবার বিজেপির মঙ্গলকোট ৩ নম্বর মণ্ডল সভাপতি মন্দিরা চট্টরাজ জানিয়েছেন, অরূপ দে পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন । তিনি বলেন,’একটা বিষয়ে একটু ভুলবোঝাবুঝি হয়েছিল । তাতেই তিনি অসন্তুষ্ট হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন । আমি ওনার বাড়িতে গিয়ে আলোচনা করেছি। আলোচনার ভিত্তিতে মিটমাট হয়ে গিয়েছে।’
তবে মন্দিরা চট্টরাজ যতই বিষয়টি “তুচ্ছ ঘটনা” বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন বিজেপিতে তৃণমূলের বেনোজল ঢুকে পড়ায় আদি বিজেপি কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে । দলের একাংশের অভিযোগ, বর্তমানে বিজেপির একাংশকে হাত করে এলাকায় তৃণমূলের নেতারাই পরোক্ষভাবে কর্তৃত্ব ফিরিয়ে আনার চেষ্টা করছে। যার ফলশ্রুতিতে আবাস যোজনার মত সরকারি প্রকল্পগুলিতে। অনিয়মের চেষ্টা চলছে বলে অভিযোগ তাদের । বিষয়টি নিয়ে আদি বিজেপি ও ৪ তারিখের পর তৃণমূল ছেড়ে আসাদের মধ্যে টানাপোড়েন চলছে ।
উল্লেখ্য,বিগত পঞ্চায়েত নির্বাচনে মঙ্গলকোট ব্লকের সমস্ত পঞ্চায়েতেই ক্ষমতা দখল করেছিল তৃণমূল কংগ্রেস। তারই মধ্যে মঙ্গলকোট ব্লকে বিজেপির মাত্র তিনজন গ্রাম পঞ্চায়েত সদস্য জয়ী হয়েছিলেন। তার মধ্যে মঙ্গলকোটের ভাল্যগ্রাম পঞ্চায়েতে রয়েছেন দুজন বিজেপি সদস্য। একজন সদস্য রয়েছেন ঝিলু ২ গ্রাম পঞ্চায়েতের অরূপ দে ৷।
