এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ চব্বিশ পরগনা,২৪ অক্টোবর : দুর্গাপূজা মিটতেই গঙ্গাসাগর মেলা নিয়ে সক্রিয় হয়ে উঠেছে রাজ্য সরকার। দুর্গাপূজার পর এই মেলাতেই সর্বাধিক জনসমাগম হয় । চোরাবাগান পূজোমণ্ডপে পদপৃষ্ঠ হয়ে ২০ জনের মৃত্যু এবং দু’ডজন আহত হওয়ার ঘটনার পর পরিবর্তনের পর তাই প্রথম গঙ্গাসাগর মেলায় নিরাপত্তায় কোনো রকম খামতি রাখতে চায়না শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্যের বিজেপি সরকার । যেকারণে মেলা প্রস্তুতি এবং জেলার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আজ শনিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপে এসেছেন মুখ্যমন্ত্রী । যে বৈঠকে গঙ্গাসাগর মেলা সহ একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক আলোচনা এবং প্রশাসনিক পর্যালোচনার কথা রয়েছে । বৈঠক শেষে কাকদ্বীপ স্টেডিয়াম মাঠে একটি বিশাল প্রকাশ্য জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আজ সকাল সাড়ে ১২টা নাগাদ হেলিকপ্টারে করে কাকদ্বীপের স্টিমারঘাট সংলগ্ন স্টেডিয়াম মাঠের হেলিপ্যাডে অবতরণ করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে প্রথমে তিনি সরাসরি রবীন্দ্রভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন । বৈঠক শেষে স্টেডিয়াম মাঠের প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই প্রচুর জনসমাগম দেখা গেছে মুখ্যমন্ত্রীর সভায়।
মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সকালেই কাকদ্বীপে এসে পৌঁছান সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা, সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মন্ডল,জেলাশাসক সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। নিরাপত্তা খতিয়ে দেখতে হেলিপ্যাডে একাধিকবার হেলিকপ্টারের ট্রায়ালও করা হয়। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে জেলার সমস্ত দপ্তরের আধিকারিকদের পাশাপাশি জেলা পরিষদের পদস্থ আধিকারিকরাও উপস্থিত রয়েছেন । জেলার বর্তমান আইন-শৃঙ্খলা, উন্নয়নমূলক কাজের গতিপ্রকৃতি এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলির রূপায়ন নিয়ে মুখ্যমন্ত্রী পর্যালোচনা করছেন বলে জানা গেছে ।।

