এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৮ অক্টোবর : এক জামাত ইসলামি নেতার অভিনব প্রতারণার জালে ফেঁসে গিয়ে অতান্তরে পড়েছেন বাংলাদেশের ময়মনসিংহের এক বিধবা (৪৩) মহিলা । ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তার পরিচয়পত্রের ফটোকপি ও ছবিতে টিপসই নিয়েছিল আবদুল কুদ্দুস নামে ওই জামাত নেতা । পরে তার কাবিননামা (বিয়ের চুক্তি) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ওই মহিলা জানতে পারেন যে,তার বিয়ে হয়ে গেছে এবং তার নতুন স্বামী আবদুল কুদ্দুস । তবে মহিলা স্পষ্ট করে দিয়েছেন যে,তিনি এই বিয়েতে সম্মতি দেননি । ভুক্তভোগী নারীর অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে কৌশলে টিপসই নেন স্থানীয় জামায়াত নেতা আবদুস ছাত্তার। সেই টিপসই ব্যবহার করেই জালিয়াতি করে বিয়ের কাবিননামা তৈরি করা হয়েছে। বিষয়টি এখন স্থানীয় কাজিদের বিচারাধীন ।
জানা গেছে,মহিলার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার একটি গ্রামে । প্রায় ১৩ বছর আগে তার স্বামী মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর খেতমজুরের কাজ করে দুই ছেলেকে বড় করে বিয়ে দিয়েছেন। তাঁর নাতি-নাতনিও আছে। অন্যদিকে একই গ্রামের বাসিন্দা আবদুল কুদ্দুস নামে ওই জামাত নেতার । তার বাড়িতে রয়েছে স্ত্রী সুফিয়া খাতুন, ছেলে মেয়েসহ নাতি-নাতনি । একটি কসমেটিকসের দোকান আছে আবদুল কুদ্দুসের । সে আগেও ওই বিধবা মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন । কিন্তু মহিলা রাজি হননি । ফলে ছলনার আশ্রয় নেয় আবদুল কুদ্দুস । মহিলাকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তার পরিচয়পত্রের ফটোকপি ও ছবি সংগ্রহ করে একাধিক টিপসই করিয়ে নেয় । পরে ইসলামি রীতিতে বিয়ের কাগজপত্র বানিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়ে আবদুল কুদ্দুস দাবি করে যে,ওই বিধবা মহিলা তার নতুন স্ত্রী ।
অভিযুক্ত আবদুল কুদ্দুসের স্ত্রী সুফিয়া খাতুন জানান,বিয়ের বিষয়ে তাঁর স্বামী তাঁকে আগে কখনো কিছু জানাননি। ঘটনা জানাজানি হলে দাবি করেন যে তিনি ‘কোর্ট ম্যারেজ’ করেছেন। পরিবারের সদস্যরা তাঁকে বহুবার বোঝানোর চেষ্টা করেছেন; কিন্তু তিনি কারও কথা শোনেননি। যদিও ভুক্তভোগী মহিলা বলেছেন,’আমি কোথাও বিয়ে করতে যাইনি। কোনো কাজিকেও দেখিনি।’
উপজেলা জামায়াতের আমির মহম্মদ ফজলুল হক বলেন,’ঘটনাটি জানার পর আমরা খোঁজ নিয়েছি। তিনি (ছাত্তার) জামায়াতের পদধারী কোনো নেতা নন; বিগত নির্বাচনের সময় তিনি একটি কেন্দ্র কমিটির সহযোগী সদস্য ছিলেন। আগে তিনি বিএনপি করতেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আমরা চাই প্রকৃত অপরাধীদের বিচার হোক। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে মনে হচ্ছে, ঘটনাটি সাজানো বা উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।’
ছড়িয়ে পড়া কাবিননামায় বিধবা মহিলার স্বামী হিসেবে স্থানীয় আবদুল কুদ্দুসের নাম আছে। কাজি গোলাম মোস্তফা বিয়ে সম্পন্ন করেছেন। এতে আড়াই লাখ টাকা দেনমোহর এবং ৫০ হাজার টাকা নগদ পরিশোধের কথা উল্লেখ আছে। কাবিননামায় সাক্ষী হিসেবে আবদুল মান্নান ও সাইফুল ইসলামের নাম আছে। যদিও বেগতিক বুঝে সাইফুল ইসলাম দাবি করেন, তিনি কোনো বিয়ের সাক্ষী হননি। অন্যদিকে কাজি গোলাম মোস্তফা এই বিয়ের কিছু সম্পন্ন করেননি বলে জানান। তাঁর দাবি, যে কাগজ ছড়িয়েছে, সেটি সম্পূর্ণ জাল। এর আগে ২০২০ সালে এমন একটি জাল কাগজ তৈরি হওয়ায় ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। এবার কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন।
জানা গেছে, বিষয়টি নিয়ে গত সোম ও বুধবার গ্রামে দুই দফা সালিস বসেছে। তবে সালিসে অভিযুক্ত আবদুস ছাত্তার ও আবদুল কুদ্দুস উপস্থিত ছিলেন না। আগামীকাল শুক্রবার পর্যন্ত তাঁদের সময় দেওয়া হয়েছে। এরপরও আবদুস ছাত্তার অবস্থান স্পষ্ট না করলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সালিসে নেতৃত্বে দেওয়া মোহাম্মদ রুস্তম আলী। তিনি বলেন, ‘কীভাবে কী হলো, আমরা যাচাই করছি। সালিসের মাধ্যমে সমাধান না হলে আইনি প্রক্রিয়ায় যাওয়া হবে।’
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ঘটনাটি তাঁরা বিভিন্নজনের কাছ থেকে শুনেছেন। কিন্তু এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।।

