এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৭ অক্টোবর : বাংলাদেশের দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে আজ বুধবার ( ৭ই অক্টোবর) এক হিন্দু কিশোরের পচাগলা লাশ উদ্ধার। মৃত কিশোরের নাম প্রশান্ত রায় । মৃত উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে।
জানা গেছে, আজ দুপুর ১টা নাগাদ সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেতে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান সাবিত্রী নামে স্থানীয় এক নারী। সেখানে তিনি কিশোরের মৃতদেহটি পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন এবং আশপাশের লোকজনকে বিষয়টি জানান। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য যতীন্দ্রনাথ বিষয়টি বীরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবা রমেশ চন্দ্র রায় সংবাদমাধ্যমে জানিয়েছেন, তার ছেলে গত এক সপ্তাহ আগে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়স্বজনসহ বিভিন্ন সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। আজ দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পার্শ্ববর্তী গ্রামের ধানক্ষেতে ছেলের অর্ধগলিত মৃতদেহ শনাক্ত করেন তিনি।
প্রশান্ত রায়ের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) মামলা দায়ের করা হয়েছে।।

