এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৭ অক্টোবর : এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত ভারতীয় বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন। মিরাজ-২০০০, মিগের বিভিন্ন সংস্করণ, এইচপিটি-৩২, আন-৩২, অ্যাভ্রো, কিরণ, জাগুয়ার, আইএল-৭৮, হক এবং তেজস সহ বিভিন্ন বিমান চালনায় এয়ার মার্শাল আশুতোষের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
প্রায় চার দশকব্যাপী কর্মজীবনে আশুতোষ দীক্ষিত অসংখ্য অভিযান ও মহড়ায় অংশ নিয়েছেন। তিনি অপারেশন সফেদ সাগর, অপারেশন রক্ষক, কোপ-ইন্ডিয়া এবং অপারেশন সিঁদূরেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এয়ার মার্শাল দীক্ষিত বাহিনীর মধ্যে দেশীয় এলসিএ তেজাস এবং অন্যান্য দেশীয় বিমান প্রকল্পের নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত। আশা করা হচ্ছে, এটি ভারত সরকারের আত্মনির্ভরশীলতার উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাবে। তিনি ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনীর ফাইটার শাখায় কমিশন লাভ করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ডিফেন্স পার্সোনেল সার্ভিস কলেজ (বাংলাদেশ) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রাক্তন ছাত্র। তাঁর ৩,৫০০ ঘণ্টারও বেশি উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে।
এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত ১৯৯১ সালের ৬ ডিসেম্বর ফ্লাইট লেফটেন্যান্ট, ২০০৩ সালের ৫ মে উইং কমান্ডার, ২০০৯ সালের ১ মার্চ গ্রুপ ক্যাপ্টেন এবং ২০১৩ সালের ১৭ জুন এয়ার কমোডর পদে পদোন্নতি লাভ করেন। তাঁকে ২০১৯ সালের ১১ জুন এয়ার ভাইস মার্শাল, ২০২২ সালের ১ অক্টোবর এয়ার মার্শাল এবং ২০২৪ সালের ১ সেপ্টেম্বর কমান্ডার-ইন-চিফ করা হয়।।

