এইদিন বিনোদন ডেস্ক,০৫ অক্টোবর : গান্ধী জয়ন্তী উপলক্ষে শেখর সুমনের টক শো ‘শেখর টুনাইট’-এ কথা বলার সময় সঞ্জয় দত্ত মন্তব্য করেন,’ভারতে এখন আর আগের মতো শান্তি নেই ।’ এদিকে তার এই মন্তব্যের পর ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় অভিনেতাকে । প্রবল বিরোধিতার মুখে পড়ে অবশেষে আজ এই বিষয়ে সাফাই দিয়েছেন অভিনেতা । একটি ভিডিও-তে তিনি দাবি করেন, তার ওই মন্তব্য তার মনের কথা নয়,স্ক্রিপ্টেড সেগমেন্ট-এর অংশ ।
বলিউড তারকা সঞ্জয় দত্ত বলেছেন,”নমস্কার বন্ধুরা । সম্প্রতি শেখর সুমনের শোয়ে আমার কিছু কথাবার্তা প্রসঙ্গে কিছু মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছিল । ওই ব্যক্তিরা আমাকে বলেছিলেন যে তারা আমার কথায় আশ্চর্য হয়ে গেছেন । ওই সমস্ত ব্যক্তিরা আমার কথায় কঠোর বিরোধিতা করেছেন । আমি তাদের আবেগকে ভালোভাবে বুঝতে পারছি । কিন্তু আমি একটা কথা স্পষ্ট করে দিতে চাই ।”
তিনি বলেন,”ওই শোয়ে আমি যা যা বলেছি সেগুলো একটা স্ক্রিপ্টেড সেগমেন্টের অংশ। যেটা আকছার টিভি শোয়েতে হয়ে থাকে। আমি একটা স্ক্রিপ্টের অনুসারে অভিনয় করছিলাম । তারই অংশ হিসেবে আমার বলা কথাগুলো স্ক্রিপ্টের অংশ ছিল ।সেগুলো কোন ভাবেই আমার ব্যক্তিগত ভাবনা নয় ।”
তিনি আরও বলেছেন,”আমি আমার সমস্ত বন্ধু শুভানুধ্যায়ীদের বিশ্বাসের কদর করি । আমি কখনোই চাইব না যে কোন স্ক্রিপ্টেড বক্তব্যের ভিত্তিতে আমার বাস্তবিক বিচার প্রভাবিত হোক । আমার আশা যে সঠিক দৃষ্টিকোণ দিয়ে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে । জয় হিন্দ জয় ভারত ।”
উল্লেখ্য,শেখর সুমনের টক শো ‘শেখর টুনাইট’-এ সঞ্জয় দত্ত বলেন,’ভারতের মানুষ খুব স্নেহপ্রবণ। আমাদের এখানে শান্তি প্রয়োজন। কিন্তু এখন দেশটি আগের মতো শান্তি পাচ্ছে না। আমরা উদারমনা এবং অতিথিদের ভালোবাসার সাথে স্বাগত জানাই। এটা সবসময় এমনই থাকা উচিত। আমি ভগবান শিবের কাছে প্রার্থনা করি যেন তিনি শীঘ্রই সেই সোনালী দিনগুলো ফিরিয়ে আনেন ।’ যদিও আজ তিনি তার মন্তব্যকে “স্ক্রিপ্টেড” বলে অবিহিত করে সব দায় চ্যানেল কর্তৃপক্ষ ও উপস্থাপক শেখর সুমনের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন ।।

