এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ অক্টোবর : আজ সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক । গতকালই কেন্দ্রীয় বিজেপির তরফে পশ্চিমবঙ্গের রাজ্যসভার প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করা হয়েছিল । এরপর আজ কলকাতার মুরলীধর সেন লেনের কার্যালয়ে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রীর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগদান করেন ।
যোগদানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোয়েল মল্লিক তাঁর রাজনৈতিক যাত্রার পেছনের কারণ ও ছোটবেলার স্মৃতিচারণা করে বলেন, ‘ছোটবেলায় বাবাকে (রঞ্জিত মল্লিক) পেপার খুললেই বলতে শুনতাম— ইশ এটা কেন এমন হল, ইশ ওটা কেন এমন হল না! কিংবা রাজ্যে আরও কয়েকটা স্কুল হলে ভাল হতো, বাচ্চারা কেন বাইরে যাচ্ছে।” রাজনীতি সেই ‘ইশ’ বলা জায়গাগুলোতে কাজের সুযোগ করে দেবে বলেই তিনি এই পথ বেছে নিয়েছেন।
শুধু তাই নয় এদিনের বিজেপি যোগদানের পরে কোয়েল মল্লিক বলেন,’পুরোনো কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে। কিন্তু কয়েকটা কথা না বললেই নয়। কাজের খুব অভাব। এডুকেশনের অবস্থা ঠিক নেই।’ তিনি বলেন,’আমি কারোর সম্পর্কে কোনও খারাপ কথা বলব না। আমি আগের দল সম্পর্কে কোনও বাজে কথা বলি না। একটা আশীর্বাদ করুন যাতে দেশের কাজ আমি করতে পারি।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যে বিজেপি সরকারের প্রশংসা করে কোয়েল জানান, গত কয়েক মাসে দেশে যে উন্নয়ন হয়েছে, তা দেখে তিনি অত্যন্ত আনন্দিত এবং অনুপ্রাণিত। তিনি বলেন,’আমি এমন একজন মানুষ যে অন্য ব্যক্তি বা দল সম্পর্কে খারাপ কথা বলতে পছন্দ করি না। প্রত্যেক দলই নিজেদের মতো করে ভালো করার চেষ্টা করে।’ তবে এমন একটি দলে তিনি যোগ দিতে পেরে গর্বিত, যেখানে মানুষের কল্যাণে উন্নয়নমূলক কাজ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি ।
২০২৬ সালের ফেব্রুয়ারিতেই পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামীর সঙ্গে রাজ্যসভার প্রার্থী হিসেবে অভিনেত্রী কোয়েলের নামও ঘোষণা করেছিল পশ্চিমবঙ্গের তৎকালীন শাসকদল তৃণমূল কংগ্রেস । চলতি বছরের ১৬ জুলাই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন তিনি । তখন তিনি দল বদলের বিষয়টি গোপন রাখেন । রবিবার বিজেপি কোয়েলকে এরাজ্য থেকে রাজ্যসভার প্রার্থী করলে সব জল্পনার অবসান ঘটে ।।

