এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০২ অক্টোবর : বাংলাদেশের ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি বৃদ্ধাশ্রমে আশ্রয়ে থাকা প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে মহম্মদ রুবেল মিয়া (৩০) নামে স্থানীয় এক মসজিদের ইমামকে পাকড়াও করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ উপজেলার ‘মাতৃছায়া বৃদ্ধাশ্রমে’ এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।
ধৃত রুবেল মিয়া উপজেলার জাহাঙ্গীরনগর গ্রামের আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় চৈতন কালী মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিল ।মাতৃছায়া বৃদ্ধাশ্রমের পরিচালক রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর ইমাম রুবেল মিয়া আচমকা বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকে পড়ে । একপর্যায়ে তিনি কোনো কারণ ছাড়াই আশ্রমে বসবাসরত ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীর ওপর চড়াও হয়ে মুখ চেপে ধরে তার উপর পাশবিক নির্যাতন চালায় । মহিলা কোনো রকমে হাত ছাড়িয়ে চিৎকার করে উঠলে আশ্রমের অন্য বাসিন্দা ও কর্মচারীরা ছুটে এসে হাতেনাতে রুবেল মিয়াকে ধরে ফেলেন। পরবর্তীতে সে যাতে পালিয়ে যেতে না পারেন, সেজন্য লোহার শিকল দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।
অভিযোগ অস্বীকার করেছেন আটক ইমাম রুবেল মিয়া বলেছে, বৃদ্ধাশ্রমে আশ্রিত প্রতিবন্ধী নারীসহ অন্যান্য অসহায় বৃদ্ধ নারী-পুরুষদের সেবা ও দেখাশোনার উদ্দেশ্যেই সে সেখানে গিয়েছিল ; কোনো ধরনের অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে যায়নি।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আজহারুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত বৃদ্ধাশ্রমে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সার্বিক দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ভুক্তভোগী পক্ষের আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।।

