এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০২ অক্টোবর : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দরজা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পালাড় গ্রামে ৷ ঘটনাটি ঘটেছে পালাড় গ্রামের ১৬৫ নম্বর অঙ্গন ওয়াড়ি কেন্দ্রে । কেন্দ্রের কর্মী মীনাক্ষী সেনাপতি এনিয়ে ভাতার থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, দরজার তালা ভেঙে প্রায় দশ কেজি চাল,সরষের তেল এবং বেশকয়েকটি থালা চুরি গিয়েছে।
পালাড় গ্রামের প্রাথমিক বিদ্যালয় লাগোয়া রয়েছে ১৬৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। জোৎস্না দাস এই কেন্দ্রের সহায়িকা। আজ শুক্রবার সকালে তিনি কেন্দ্র খুলতে এসে দেখতে পান দরজা খোলা এবং দরজার কব্জা ছাড়ানো অবস্থায় রয়েছে । তারপর ভিতরে গিয়ে দেখেন জিনিসপত্র লণ্ডভণ্ড। চাল,তেল ও বাসনপত্র গায়েব হয়ে গেছে । তবে এই কেন্দ্রে চুরির ঘটনা এই প্রথম নয় । এর আগেও চুরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা । চুরির ঘটনায় যুক্তদের অবিলম্বে গ্রেপ্তারির পাশাপাশি কেন্দ্রটির নিরাপত্তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ।।

