এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ সেপ্টেম্বর : বিতর্কিত ইউটিউবার দীপক ব্যাপারীকে কেরালায় পাকড়াও করার পর এবার পুলিশের জালে আরও এক বিতর্কিত ইউটিউবার মানিক ফকির। নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর প্রচারের জন্য কয়েকদিন ধরেই সেখানে ঠেক নিয়েছিলেন তিনি । চণ্ডীপুরের একটি হোটেলে ছিলেন । আজ বুধবার হোটেল থেকে বেরোনোর পর পুলিশ আটক করে নন্দীগ্রাম থানায় নিয়ে যায়। তার সঙ্গে আটক করা হয় মতুয়া সম্প্রদায়ের অধিকার রক্ষা আন্দোলনের নেতা তথা কংগ্রেস নেতা সুকৃতি রঞ্জন বিশ্বাসকেও । যদিও পরে সুকৃতিকে ছেড়ে দেওয়া হলেও মানিক ফকিরকে থানায় আটকে রাখা হয়েছে । তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গেছে । তবে পুলিশ কেন তাঁকে আটক করেছে এবং তার বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ বা কোন ধারায় পদক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
একটি ভিডিওতে পুলিশের হাতে আটকের বিষয়টি নিশ্চিত করেন খোদ মানিক ফকির । তিনি বলেন, নন্দীগ্রামে মিলন প্রধানের প্রচারে এসেছিলাম, এখন আমাদের থানায় নিয়ে যাচ্ছে । আমি আর সুকৃতি দা আছি। আমরা সপ্তর্ষি গেস্টহাউস থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই পুলিশ আমাদের ধরেছে, বলছে থানায় যেতে হবে । আপনাদের জানিয়ে দিলাম৷ যদি থানাতেও আমাদের আটকে রাখে তাহলে ভয়ের কিছু নেই । গ্রামকে গ্রাম নন্দীগ্রামে সবাই কিন্তু বিজেপির বিরুদ্ধে হয়ে গেছে । ভয় পাবেন না, আর সব জায়গায় ছড়িয়ে দিন ভিডিওটা ।’
প্রসঙ্গত,দীপক ব্যাপারী ও মানিক ফকির, দুজনেই বিজেপি বিরোধী বলে পরিচিত৷ কিন্তু, সোশ্যাল মিডিয়ায় তাদের অনেক মন্তব্যে বারবার বিতর্কের সৃষ্টি হয়েছে । বিশেষ করে দীপক বেপারীর হিন্দু বিদ্বেষী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল । মানিক ফকিরের বহু ভিডিও নিয়েও সাধারণ মানুষ বারবার প্রশ্ন তোলে । বিশেষ করে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্যের কারণে এই দু’জনের বিরুদ্ধেই ব্যাপক ক্ষোভ জমছিল। দীপক বেপারীর গ্রেপ্তার হওয়ার পর মানিক ফকিরের গ্রেফতারের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় দাবি তোলা হয় । অবশেষে নন্দীগ্রাম থানার পুলিশ তাকে আজ আটক করেছে৷
যদি ওই গ্রেফতারির তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস । পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের তরফে জারি করা জরুরি প্রেস বিবৃতিতে অভিযোগ করা হয়েছে যে, ‘শুধুমাত্র দলের হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কারণেই দুই নেতার বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে । অন্যায়ভাবে আটকে’র তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছে কংগ্রেস । তবে পুলিশ কেন তাঁদের আটক করেছে, তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ বা কোন ধারায় পদক্ষেপ করা হয়েছে, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।।

