এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ সেপ্টেম্বর : দেশবিরোধী কার্যকলাপ ও চক্রান্তের অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর হাতে গ্রেপ্তার হয়েছে বিতর্কিত ইউটিউবার ও কথিত সাংবাদিক দীপক বেপারী । দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজছিল ৷ গ্রেপ্তারি এড়াতে তামিলনাড়ুর কোয়ম্বাটোর আত্মগোপন করেছিলেন তিনি । অবশেষে সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টে নাগাদ তাকে পাকড়াও করে এনআইএ ।
দীপক বেপারী মূলত ‘বং নিউজ লাইভ’ নামক ডিজিটাল সংবাদ চ্যানেলের জন্য পরিচিত । তিনি মূলত ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সমসাময়িক বিষয় নিয়ে বিতর্কিত বক্তব্য রাখার জন্য পরিচিত ছিলেন । সম্প্রতি একটি ভিডিওতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে অত্যন্ত অশালীন শব্দ প্রয়োগ করেছিলেন । হিন্দুত্ববাদীদের আক্রমণ করার জন্য ভিন রাজ্যে বসে গেরুয়া জামা পরে গরুর মাংস খাওয়ার ভিডিও পোস্ট করেন । এমনকি তিনি বলেন,’গরুর মাংস খাবো এবং দেখাব ।’
এছাড়া, বাগেশ্বর ধামের মহারাজ ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সম্পর্কে অত্যন্ত কদর্য ভাষা প্রয়োগ করেছিলেন দীপক । গ্রেপ্তারের আগেও একটা ভিডিওতে শুভেন্দু অধিকারীকে কটাক্ষা এবং ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী সম্পর্কে অশালীন ভাষা প্রয়োগ করেছিলেন।
তার এই প্রকার বিতর্কিত কর্মকাণ্ডের কারনে বহুদিন ধরেই তাকে খুঁজছিল পুলিশ । সম্প্রতি তাঁর বিভিন্ন মন্তব্য ও কার্যক্রম কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে আসে । অবশেষে সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ তামিলনাড়ুর কোয়ম্বাটোর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলেই এনআইএ সূত্রে খবর। তবে দীপকের গ্রেপ্তারির তীব্র প্রতিবাদ করেছেন আর এক বিতর্কিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার মানিক ফকির ।।

