এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,২৮ সেপ্টেম্বর : মুর্শিদাবাদ জেলার সালার থানার খাঁড়েরা গ্রামে পুলিশের উপর বোমাবাজির ঘটনার মূল অভিযুক্ত ফায়জাল শেখকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হল পুলিশ৷ রবিবার রাতে উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে পাকড়াও করে আনা হয় । এদিকে ফায়জাল সম্পর্কে পুলিশ যে তথ্য সামনে এনেছে তা চমকে দেওয়ার । আজ সোমবার মহকুমা পুলিশ আধিকারিক(এসডিপিও) জানান, ফায়জাল শেখ ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত থাকা সত্ত্বেও তার অপরাধ প্রবন মানসিকতা রয়েছে । এর আগেও ফায়জালের বিরুদ্ধে বোমাবাজি সহ বিভিন্ন গুরুতর অভিযোগে ৮ টি মামলা রয়েছে । তার অপরাধ প্রবণ মানসিক দেখে বিস্মিয় প্রকাশ করেছেন এসডিপিও। আজ সোমবার ধৃতকে সালার মহকুমা আদালতে তুলে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ।
জানা গেছে,সালার থানার খাঁড়েরা গ্রামেই বাড়ি ফায়জাল শেখের । ভারতীয় সেনাবাহিনীতে কাজ করার সুবাদে সে এলাকায় ‘আর্মি ফাইজাল’ নামে পরিচিত৷ সাংবাদিক সম্মেলনে এসডিপিও জানান, চলতি সেপ্টেম্বর মাসের ১৩-১৪ তারিখ মধ্যরাতে খাঁড়েরা গ্রামের মাঠে জুয়ার আসর বসায় ফায়জাল শেখ। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় সালার থানার পুলিশ । কয়েকজনকে পুলিশ ধরেও ফেলে । কিন্তু পুলিশ বাকি আইনি কাজ করার সময় ফায়জাল শেখ কোন রকম ভাবে সেখান থেকে পালিয়ে যায়৷ তারপর ফিরে এসে পুলিশ বাহিনীর উপর বোমা বর্ষণ শুরু করে । বোমা লেগে গুরুতর আহত হন একজন এএসআই । অল্পবিস্তর আহত হন আরো কয়েকজন পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়ার । একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন । পরে পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রজু করে মূল অভিযুক্ত ফায়জাল শেখের সন্ধানে নেমে পড়ে৷ কিন্তু সে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াতে থাকে । অবশেষে বাগডোগরা বিমানবন্দর থেকে রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয় ।
মহকুমা পুলিশ আধিকারিক বলেন,’আপনাদের শুনলে খারাপ লাগবে যে, ধৃত ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করে । এখনো সে কর্মরত রয়েছে ৷ তার র্যাঙ্ক হচ্ছে গানার নায়েক । ও সেনা বাহিনীতে কর্মরত অবস্থায় যে সমস্ত কাজকর্ম করে তা খুবই নিন্দনীয় । এর আগে ওর বিরুদ্ধে ৮ টা কেস আছে । তার মধ্যে বোমাবাজি ছাড়াও আরো অনেক অভিযোগে মামলা রয়েছে।’ তিনি বলেন,’এই ছেলেটা ক্রিমিনাল মনস্ক । যতই সে ভারতীয় সেনাতে চাকরি করুক না কেন ওর মধ্যে যে ক্রিমিনালিটি আছে সেটা ও কিছুতেই দূর করতে পারে না । যে কারণে বারবার এই ধরনের অপরাধ করতে থাকে ।’ এসডিপিও বলেন,’কিছুদিন আগেও গ্রেফতার হয়েছিল। জেল খেটেছে । ফের যদি সে অপরাধে জড়িয়ে পড়ে তাকে মুর্শিদাবাদের পুলিশ আইনের দোরগোড়ায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করবে ।’।

