এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ সেপ্টেম্বর : বাঘাযতীনের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের (ABGP)অনুষ্ঠানে ঢুকে ব্যাপক তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বামপন্থী ও উগ্র বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের বিরুদ্ধে । “আরএসএস গো ব্যাক” শ্লোগান দিতে দিতে বামপন্থীদের একদল মহিলা ও পুরুষ ক্যাডাররা অনুষ্ঠানস্থলে ঢুকে পোস্টার-ব্যানার ছিঁড়ে তাতে লাথি মারে বলে অভিযোগ । ওই পোস্টার- ব্যানারে চিত্রিত করা ছিল ভারত মাতা ও স্বামী বিবেকানন্দের ছবি ৷ ফলে দেশ ও দেশের এক মহান সন্তানের ছবির প্রতি এই প্রকার অবমাননায় নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল।
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ঘটনার মুহুর্তের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তীব্র নিন্দা জানিয়েছেন । তিনি লিখেছেন,’বামপন্থীদের কদর্য চেহারা আর নিকৃষ্ট মানসিকতা আজ আবারও প্রকাশ্যে এলো। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু সেই মতাদর্শগত পার্থক্যের জেরে দেশমাতৃকার প্রতি অসম্মান কিংবা বিশ্ববরেণ্য মনীষী স্বামী বিবেকানন্দের ছবিকে প্রকাশ্যে ছিঁড়ে ফেলা, লাথি মারা ও থুতু ফেলার মতো জঘন্য আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।’
তিনি আরও লিখেছেন,’মুখে প্রগতিশীলতা, বাঙালিত্ব ও সংস্কৃতির দাবি করলেও এমন কদর্য ও জঘন্য আচরণ সেই দাবির সঙ্গে গভীর বৈপরীত্যই প্রকাশ করে।আজকের এই অসম্মান, লাথি শুধু একজন বিশ্ববরেণ্য সন্ন্যাসী ও মনীষীর প্রতি নয়, এটি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও সমগ্র বাঙালি জাতির আত্মমর্যাদার প্রতিও এক চূড়ান্ত গভীর অবমাননা ।’
রবিবার বাঘাযতীনের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউটে আরএসএসপন্থী এই ছাত্র সংগঠনের অনুষ্ঠানে বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যরা চড়াও হলে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে । ক্যাম্পাসের ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের অভিযোগ, বহিরাগতরা ক্যাম্পাসের ভিতর ঢুকে হামলা চালিয়েছে এবং তার জেরেই আহত হয়েছেন একাধিক পড়ুয়া এবং ফ্যাকাল্টি। পঞ্চসায়র থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের সদস্যদের বাইরে বার করে গেট আটকে দেয় । তারপরেও দু’পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকে৷।

