এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ সেপ্টেম্বর : সিপিএমের রক্তচক্ষু-দুর্বৃত্তায়ন-দুর্নীতি আর অপশাসন থেকে মুক্তি পেতে একসময় মমতা ব্যানার্জিকে আঁকড়ে ধরেছিল রাজ্যের মানুষ । ২০১১ সালে সেই গনরোষকে কাজে লাগিয়ে সিপিএমের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারকে কার্যত ধুয়েমুছে সাফ করে দিয়ে ক্ষমতায় আসেন মমতা ৷ সমসাময়িক সময়ে মমতা ব্যানার্জি মানেই ছিল একটা ‘আবেগ’ ৷ কিন্তু ১৫ বছরের শাসনকালে মমতাকে নিয়ে সেই আবেগ উবে যায় । তার প্রতিফলন ঘটে ২০২৬ শের বিধানসভার ভোটে । কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গেছে মমতার দল তৃণমূল কংগ্রেস ৷ তবে সিপিএম তাদের পরাজয় মাথা পেতে নিলেও, মমতা আজও পরাজয়কে কিছুতেই মেনে নিতে পারছেন না । বিজেপির বিরুদ্ধে ‘ভোট চুরির’ অভিযোগ তুলে যাচ্ছেন তিনি ৷
কিন্তু মমতা ব্যানার্জি বা তার খুব কাছের নেতারা বাস্তবটা মেনে নিতে না চাইলেও সাম্প্রতিক সময়ে ‘কালীঘাট তৃণমূল’ দ্বারা আয়োজিত মমতার সভায় মানুষের উপস্থিতি বলছে ভিন্ন কথা । দলনেত্রীর কথিত ‘জনপ্রিয়তা’ দেখাতে নিতে হচ্ছে বিশেষ কৌশল ! অন্তত এমনই দাবি করছেন নিন্দুকেরা । আজ শনিবার বিকেলে হুগলির শ্রীরামপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির সভা ছিল । শ্রীরামপুর কোর্ট ময়দানে আয়োজিত ওই জনসভায় তেমন ভিড় লক্ষ্য করা যায়নি বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা । কিন্তু খোদ মমতা বিশেষ কোণ থেকে তার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট বিশাল ভিড় দেখানোর চেষ্টা করেছেন । পালটা ভিডিও পোস্ট করেছেন কেউ কেউ । যেখানে কার্যত ফাঁকা মাঠের এক কোণে বাঁধা মঞ্চে মমতাকে ভাষণ দিতে দেখা যাচ্ছে । সেই সময় গুটিকয়েক মানুষকে ঘুরঘুর করতে দেখা যাচ্ছে মঞ্চের ঠিক সামনে ।
সবচেয়ে মর্মান্তিক বিষয় হল যে,মমতা ব্যানার্জি নিজেই এমন একটা ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি নিজেই নিজের ‘জননেত্রী’ ভাবমূর্তিকে উপস্থাপন করার চেষ্টা করেছেন বলে দাবি করা হচ্ছে৷ ভিডিও তে মমতাকে রাস্তা দিয়ে হাঁটতে দেখা গেছে । সেই সময় দু’পাশে কিছু যুবকদের মোবাইল হাতে নেত্রীর সঙ্গে সেলফি তোলার জন্য কথিত হুড়োহুড়ি করতে দেখা যাচ্ছে । কেউ কেউ বলছেন,এটা পুরোটাই ‘সাজানো নাটক’ । তাদের কথা হল,মুখ্যমন্ত্রী থাকার সময় মমতার সঙ্গে ছবি তোলার জন্য এহেন কথিত আবেগ পারতপক্ষে দেখা যেত না । তাই পরাজয়ের পর সেই আবেগ থাকার কথা নয়। আর যে ভিডিওটি মমতা পোস্ট করেছেন সেটি রেকর্ড করা হয়েছে ক্যামেরা অনেকটা নিচে নামিয়ে,যাতে মমতার পিছনের প্রকৃত চিত্র ধরা না পড়ে ! এমনটা মনে করছেন কেউ কেউ ।
প্রসঙ্গত, মমতা ব্যানার্জি যতই অস্বীকার করুন না কেন, তাঁর এবং তাঁর দলের এই শোচনীয় পরাজয়ের কারন হল গনরোষ ! যা তিনি হয়ত বুঝেও না বোঝার চেষ্টা করছেন । সীমাহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি,মুসলিম তোষামোদি রাজনীতি আর রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির কারনে অনেক আগেই মানুষ মমতা ব্যানার্জির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন । বিশেষ করে আরজি কর হাসপাতালের তরুনী চিকিৎসক ‘অভয়া’র ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত ভাবে খুনের ঘটনা আজও বহু সংবেদনশীল মানুষ ভুলতে পারেননি । তারা আজও বিশ্বাস করেন যে, আসল অপরাধীদের বাঁচাতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার মোড় ঘোরাতে নেপথ্যে থেকে কলকাঠি নেড়েছিলেন খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী মমতা ব্যানার্জি স্বয়ং । যদিও আজও অভয়ার পরিবার ন্যায়বিচার না পাওয়ায় বিজেপিকেও সন্দেহের নজরে দেখতে শুরু করেছেন বহু মানুষ ।।

