এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৯ সেপ্টেম্বর : ইরানি ব্যাংক ‘মেল্লাত ব্যাংক’-এর শাখার কার্যক্রম পরিচালনার লাইসেন্স বাতিল করেছে তুরস্কের ব্যাংকিং নিয়ন্ত্রক সংস্থা । চার দশকেরও বেশি সময় তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ব্যাঙ্কিং পরিষেবা দিচ্ছিল ইরানের ওই ব্যাঙ্কটি। তুরস্ক সরকারি গেজেটে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,’তেহরানে সদর দপ্তর অবস্থিত ব্যাংক মেল্লাত-এর তুরস্কের ইস্তাম্বুল কেন্দ্রীয় শাখার কার্যক্রম পরিচালনার লাইসেন্স বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের ব্যাংকিং আইনের একটি বিধানের আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে; ওই বিধানে বলা হয়েছে, কোনো ব্যাংকের কার্যক্রম অব্যাহত রাখা যদি আমানতকারীদের অধিকার কিংবা আর্থিক ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে হয়, তবে কর্তৃপক্ষ সেই ব্যাংকের লাইসেন্স বাতিল করতে পারে। বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপ কিংবা ব্যাংকটির কার্যক্রমে সুনির্দিষ্ট কোনো সমস্যার কথা উল্লেখ করা হয়নি। এর আগে চলতি মাসের শুরুর দিকে, ইরানের সঙ্গে কথিত সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ তুরস্কের বিনিয়োগ ব্যাংক ‘গোল্ডেন গ্লোবাল’ এবং এর দুটি অঙ্গপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর আওতায় ওয়াশিংটন ইরানের বিমান পরিবহন খাতের ওপর বিধিনিষেধ আরও কঠোর করেছে; এর অংশ হিসেবে ৮ই সেপ্টেম্বর ২৭টি ইরানি এয়ারলাইনসসহ মোট ৩৬টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপগুলো মেনে চলার বিষয়ে ওয়াশিংটনের সাথে আলোচনার পর তুরস্ক ও ওমান পরবর্তীতে ‘মাহান এয়ার’-এর ফ্লাইট চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।।

