এইদিন ওয়েবডেস্ক,তেলেঙ্গানা,১৯ সেপ্টেম্বর : অন্তঃসত্ত্বা বোনের হত্যার প্রতিশোধ নিতে ভগ্নিপতিকে প্রকাশ্য রাস্তায় কুপিয়ে খুন করল ভাই । তেলেঙ্গানার নিজামাবাদের ঘটনা ৷ প্রকাশ্য দিবালোকে নিজামাবাদের একটি ব্যস্ত রাস্তায় ইউটিউবার সি. বৈষ্ণবীর স্বামী সি. হরিবাবু (২০)-কে কুপিয়ে হত্যা করে তার ভাই জি. সন্তোষ (১৯) । ভগ্নিপতিকে খুনের পর একটা সেলফিও প্রকাশ করেন ওই তরুন । যেখানে সে তার বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা জানায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজামাবাদ শহরের শিবাজিনগরে এই ঘটনাটি ঘটে । স্ত্রীকে হত্যার অভিযোগে জেলে যাওয়ার সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন হরিবাবু৷ তারপর শিবাজিনগরের বাজারে রাস্তার ধারে পানিপুরি ও ভুট্টা বিক্রি করছিলেন। তিনি যখন পানিপুরির দোকানের কাছে দাঁড়িয়ে ছিলেন, তখন গাড়িতে করে আসা সন্তোষ একটি তলোয়ার নিয়ে তার দিকে ছুটে আসে এবং তাকে আক্রমণ করে। মাথায় ও ঘাড়ে মারাত্মকভাবে আঘাতের ফলে হরিবাবু ঘটনাস্থলেই মারা যান। হামলার পর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ এই হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ পেয়েছে।
খুনের পরপরই আত্মগোপন করা সন্তোষ মধ্যরাতে একটি সেলফি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে সন্তোষ বলে, ‘আমি হরিবাবুকে খুন করেছি। আমি আমার বোনের খুনের প্রতিশোধ নিয়েছি। মাসের পর মাস অপেক্ষা করেও ন্যায়বিচার না পাওয়ায় আমি নিজেই এটা করেছি। আমি এখন পুলিশের কাছে আত্মসমর্পণ করছি।’
সন্তোষের বোন বৈষ্ণবীর এক বছর আগে তার প্রতিবেশী হরিবাবুর সঙ্গে বিয়ে হয়েছিল। কিন্তু হরিবাবু আরও বেশি যৌতুক চেয়ে বৈষ্ণবীকে ক্রমাগত হয়রানি করত। এরপর বৈষ্ণবী স্বামীর বাড়ি ছেড়ে জগতিয়াল জেলায় নিজের বাড়িতে ফিরে আসেন । ১৭ই মার্চ, বৈষ্ণবী ইউটিউবে একটি ভিডিও শেয়ার করে জানায় যে সে গর্ভবতী। এটিই ছিল বৈষ্ণবীর শেষ ভিডিও।
ভিডিওটি পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যেই বৈষ্ণবীকে তার নিজের বাড়িতেই কুপিয়ে খুন করা হয় । তার গলা ও বুকে ছুরির আঘাতের চিহ্ন ছিল। আত্মীয়দের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বৈষ্ণবীর জনপ্রিয়তায় হরিবাবু ঈর্ষান্বিত ছিলেন এবং যৌতুকের হয়রানিই এই হত্যাকাণ্ডের কারণ।
ঘটনার পর পুলিশ হরিবাবুকে গ্রেপ্তার করে, কিন্তু গত জুলাইয়ে আদালত তাকে জামিন দেয়। হরিবাবু জামিনে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছেন এবং তার বোন ন্যায়বিচার পাচ্ছেন না দেখে সন্তোষ ক্ষুব্ধ হন। পুলিশ জানায়, এই কারণেই হরিবাবুকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাটির তদন্ত চলছে।।

