এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,১৬ সেপ্টেম্বর : ভারত বিরোধী প্রচার চালানো বাংলাদেশি ইউটিউবারকে গ্রেপ্তার করল উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ পুলিশ জেলার অন্তর্গত পেট্রাপোল থানার পুলিশ৷ সোমবার পাসপোর্ট এর মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে আসার সময় তাকে আটক করে ভারতীয় ইমিগ্রেশন। পরবর্তীতে তাকে গ্রেফতার করে পেট্রাপোল থানার পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত কামরুল হুডা মুন্সি বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা। তার কাছ থেকে বাংলাদেশ ও পাসপোর্ট সহ একাধিক নথি উদ্ধার হয়েছে ।
প্রসঙ্গত,কামরুল হুডা মুন্সি নামে ওই বাংলাদেশির একটি সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে । তার কথায় বিশ্বের মধ্যে সবচেয়ে “নোংরা” রাষ্ট্রদুটির নাম ভারত ও ইসরায়েল । এছাড়া তাকে একাধিক ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্পর্কে অত্যন্ত আপত্তিকর শব্দ প্রয়োগ করতে দেখা যায় । এনিয়ে রাজ্য জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ।
সম্প্রতি একটি ভিডিওতে ওই বাংলাদেশি জানায় যে, বহুদিনের চেষ্টায় সে ভারতীয় ভিসা পেয়েছে এবং খুব তাড়াতাড়ি ভারতে আসবে ৷ দিন দুয়েক আগে সে জানায় ত্রিপুরায় এসে গেছে এবং শিলিগুড়ি যাচ্ছে । শিলিগুড়ির পরিচিত মহলকে সে দেখা করার জন্য আহ্বান জানায় । কিন্তু সোমবার সে পেট্রাপল সীমান্তে সিকিউরিটি চেক করার সময় ধরা পড়ে যায় ।।

