এইদিন ওয়েবডেস্ক,মালদা,১৩ সেপ্টেম্বর : গঙ্গায় ডুবে যাওয়া নৌকার ১০ বাংলাদেশি যাত্রীর প্রাণ বাঁচালো বিএসএফ মালদা সেক্টরের বিএসএফ-এর ৭১ নম্বর ব্যাটালিয়ন । বিএসএফ-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে বলা হয়েছে, উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে তিনজন শিশু, তিনজন নারী ও চারজন পুরুষ ছিল এবং যাদের প্রত্যেকের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে । উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ৩০ দিন বয়সী এক নবজাতক আশঙ্কাজনক অবস্থায় ছিল; তাকে অবিলম্বে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল ও স্বাভাবিক বলে জানা গেছে।
বিএসএফ জানিয়েছে,ঘটনাটি ঘটেছিল শনিবার(১২ সেপ্টেম্বর) সন্ধ্যায়, যখন ‘খান্ডুয়া বর্ডার আউটপোস্ট’-এর কাছে মোতায়েন বিএসএফ জওয়ানরা নদীর প্রবল স্রোতে বেশ কয়েকজন ব্যক্তিকে ভেসে যেতে ও ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়তে দেখেন। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে জওয়ানরা অবিলম্বে উদ্ধারকাজ শুরু করেন এবং স্পিডবোটে করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ ও দৃঢ় প্রচেষ্টার পর, বিএসএফ জওয়ানরা নদী থেকে ১০ জনকেই সফলভাবে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
উদ্ধার হওয়া ব্যক্তিরা বিএসএফ-কে জানান যে তাঁরা বাংলাদেশের জোহরপুর গ্রামের বাসিন্দা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে জোহরপুরে যাচ্ছিলেন। পদ্মা (গঙ্গা) নদী পার হওয়ার সময় তাঁদের নৌকাটি হঠাৎ উল্টে যায় এবং নৌকায় থাকা সবাই নদীতে পড়ে যান। প্রবল স্রোতের কারণে তাঁরা ভেসে ভারতের দিকে চলে যান। প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর, বিএসএফ ১০ জন বাংলাদেশি নাগরিককেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৩ নম্বর ব্যাটালিয়নের সদস্যদের কাছে নিরাপদে হস্তান্তর করে।।

