প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১২ আগস্ট : প্রতি বছর রাখীতে দেখা যায় সমসাময়িক রাজনীতির প্রভাব। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এবারেও তার ব্যাতিক্রম হয়নি । গেরুয়া ছোঁয়া লেগেছে এবারের রাখী শিল্পে। কালনার বিখ্যাত রাখী শিল্পীদের হাতে তৈরি গেরুয়া পদ্ম ফুল ও জয়শ্রীরাম লেখা রাখী এবছর পাড়ি দিচ্ছে যোগী রাজ্যের অযোধ্যায় ।এমন রাখীর প্রচুর বরাত পেয়েছেন কালনার রাখী শিল্পীরা। এছাড়াও তারা বঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পেয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দেওয়া রাখীর বরাত।এসবের দরুন রাখী উৎসবের প্রক্কালে মুখের হাসি চওড়া হয়েছে কালনার মহিলা রাখী শিল্পীদের। তারা এখন দিন রাত এক করে শুধুই বরাত পাওয়া রাখী তৈরির কাজ করে যাচ্ছেন।
শিল্পনৈপুণ্যে ভরা কালনার রাখীর সুনাম রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্য এমনকি বিদেশেও ছড়িয়ে পড়েছে ।’ক্লাস্টার উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগীতায় বিগত কয়েক দশকে সেই সুনামের ব্যাপ্তি আরও ঘটেছে। সুনাম বৃদ্ধির সাথে সাথে ছোট-বড় অনেক রাখী তৈরির কারখানা কালনায় তৈরি হয়েছে। সেখানে পুরুষ শিল্পীরা থাকলেও এই শিল্পের মূল কারিগর মহিলারাই। সংসারের কাজ সামলে ওই মহিলারা রাখী তৈরি করে যে অর্থ উপার্জন করেন তা দিয়ে তাঁরা শুধু স্বনির্ভরই হননি,নিজেদের সংসারের হালও তাঁরা ধরেছেন।
শিল্পীদের কথায় জানা গিয়েছে,রাখী শিল্পের সঙ্গে কালনা মহকুমার কয়েক হাজার দক্ষ ও অদক্ষ শিল্পী ও শ্রমিক যুক্ত রয়েছন।তাঁরা তাঁদের শিল্পনৈপুণ্যতায় সূক্ষ্মাতিসূক্ষ্ম কারুকার্য দিয়ে রাখী তৈরি করেন।এরজন্য তাঁরা প্রশিক্ষণও নেন। কালনার শ্যামগঞ্জ পাড়ার প্রশিক্ষিত শিল্পীরা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র ও নেতাজির ছবি দেওয়া রাখির পাশাপাশি শ্যামাপ্রসাদ মুকোপাধ্যায়, নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর ছবি যুক্ত রাখি তৈরি করছেন। রঙিন পাথর, পুঁতি, জরি, চুমকি সহযোগে তৈরি হচ্ছে সেইসব রাখী।এছাড়াও পরিবেশবান্ধব পাটের তৈরি রাখীও রয়েছে। তবে এবছর গেরুয়া রঙের রাখীর চাহিদাই সবথেকে বেশি বলে শিল্পীরা জানান ।
রাখী তৈরিতে যুক্ত সায়ন্তিকা পাল, অনামিকা চৌধুরীর মত শিল্পীরা বলেন,নজরকাড়া রাখী তৈরি করতে তাঁদের শিল্পভাবনা কাজে লাগাতে হয়। তবে ধৈর্য আর সময়ও যথেষ্ট লাগে নজরকাড়া রাখি তৈরি করতে। তবেই মাসে ৫ থেকে ৬ হাজার টাকা আয় হয়। রাখী তৈরি করে স্বনির্ভর হতে পারার কথা সায়ন্তিকা, অনামিকা-রা অকপটে স্বীকার করে নিয়েছেন।
ক্লাস্টার উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তপন মোদকের কথায়, ‘কালনার শিল্পীদের তৈরি রাখীর গুণগত মান খুবই উন্নত। আগেও কালনার শিল্পীরা রাজ্য সরকারের কাছ থেকে প্রচুর রাখির বরাত পেয়েছেন। এবারও তার ব্যতিক্রম হয় নি। তবে এবার অযোধ্যা সহ গেরুয়া রাখীর চাহিদা বেশি।’।
