এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ আগস্ট : উত্তর ২৪ পরগণা জেলার কাঁচরাপাড়ায় পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । গাড়ি ঘিরে রেখে দেওয়া হয় “চোর চোর” শ্লোগান । গাড়ি লক্ষ্য করে ইট, কাদা ও ছেঁড়া চটি ছোড়ার অভিযোগও উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ।
উল্লেখ্য,তোলাবাজি-সহ একাধিক অভিযোগে হালিশহরের তৃণমূল নেতা বিরজু কেওটকে গ্রেপ্তার করেছিল পুলিশ। আদালত তাঁকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর পর শনিবার তাঁর মৃত্যু হয়। বিরজুর স্ত্রী তথা কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর জেনি শর্মা কেওটের অভিযোগ, থানার লকআপে মারধরের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে । ঘটনার নিরপেক্ষ তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশের দাবি উঠেছে।
আজ রবিবার মৃত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন মমতা ব্যানার্জি । কিন্তু তার গাড়ি বীজপুরে আসতেই তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় । গাড়ির ভিতর থেকে সেই মুহুর্তের ভিডিও রেকর্ড করে পরে তৃণমূলের অফিসিয়াল পেজে শেয়ার করা হয় । ভিডিওতে দেখা যায় যে বাইরে একদল জনতা “চোর চোর” শ্লোগান দিচ্ছে৷ পাশাপাশি গাড়ি থেতে চড়বড় করে আওয়াজ উঠছে।
মমতা বলেন,’ বড় ইট ছোড়া হয়েছে। আমার মাথা ফেটে যেত, এখানে মরে যেতাম৷’ তার অভিযোগ, পরিকল্পিত ভাবে বিজেপি কর্মীদের দিয়ে এই বিক্ষোভ করানো হয়েছে এবং পুলিশ তাঁদের বাধা দেওয়ার বদলে সুরক্ষা দিয়েছে। যদিও বিজেপির পাল্টা দাবি, মমতা এলাকায় রাজনৈতিক উসকানি দিতে গিয়েছিলেন । তাই গনরোষের মুখে পড়তে হয়েছে তাকে । তবে মমতার সঙ্গে থাকা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দোলা সেনও প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন জানান যে,এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে ।।
