এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ আগস্ট : শারিরীক অসুস্থতার কারনে কলকাতায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। তাঁর অস্ত্রপচার হয়েছে বলে জানা গেছে । এদিকে এই খবর পেয়েঅভিনেতার স্বাস্থ্যের খোঁজ নিতে আজ শুক্রবার হাসপাতালে ছুটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কথা বলার মুহুর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী । তিনি লিখেছেন,’বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, বিজেপির কেন্দ্রীয় সমিতির অন্যতম সদস্য সম্মানীয় শ্রী মিঠুন চক্রবর্তী মহাশয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি রয়েছেন। ওনাকে দেখতে আজ হাসপাতালে গিয়েছিলাম। ওনার সাথে কথা বললাম, ওনার শারীরিক পরিস্থিতির খবর নিলাম। করুণাময় ঈশ্বরের কাছে ওনার দ্রুত আরোগ্য প্রার্থনা করছি।’
আজ সকালে কলকাতা চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়েই সোজা মিঠুন চক্রবর্তীর স্বাস্থ্যের খোঁজ নিতে বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু । তাঁর সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ অন্যান্যরা । অভিনেতার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মুখ্যমন্ত্রী । এরপর চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। পরে বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন,’বাংলায় রাষ্ট্রবাদী সরকার আসার নেপথ্যে মহাগুরুর অবদান অনেক । তাঁর ছোট্ট একটা অপারেশন হয়েছে। ভালো এখন আছেন।’।
