শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),০৪ আগস্ট : বাল্যবিবাহ, পারিবারিক হিংসা ও সাইবার অপরাধ বিষয়ক ২ দিনের সচেতনতামূলক শিবির করল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার পুলিশ । মন্তেশ্বর থানার বাগাসন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেলেন্ডা গ্রাম এবং বামুনপাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাহাজাদপুর গ্রামে যথাক্রমে সোমবার ও আজ মঙ্গলবার এই শিবির হয় । বিপুল সংখ্যক গ্রামবাসী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে । মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত ।
অংশগ্রহণকারীদের বাল্যবিবাহ,পারিবারিক হিংসার আইনি পরিণতি সহ সাইবার প্রতারণা প্রতিরোধের বিভিন্ন উপায় সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি, তাদের সতর্ক থাকতে এবং এ ধরনের কোনো ঘটনা ঘটলে অবিলম্বে পুলিশকে জানানোর জন্য উৎসাহিত করা হয়। আলোচনা চলাকালীন, গ্রামবাসীদের সাথে সহজে যোগাযোগ এবং যেকোনো তথ্য বা সহায়তার প্রয়োজনে দ্রুত খবর জানানোর সুবিধার্থে মন্তেশ্বর থানার তরফে একটি নির্দিষ্ট মোবাইল নম্বর গ্রামবাসীদের দেওয়া হয় ।।
