এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগণা,২৫ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি জ্বালিয়ে সিগারেট ধরানো যুবককে গ্রেপ্তার করেছে উত্তর ২৪ পরগণা জেলার বারাসাত থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সৌমিক চ্যাটার্জী । সে বারাসাতের বাদু এলাকার বাসিন্দা । বিজেপির দায়ের করা অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় । আজ শনিবার ধৃতকে বারাসাত আদালতে তোলা হয় । অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময় বারাসাত থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। ঘটনাকে ঘিরে থানা চত্বরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, নিট প্রশ্ন ফাঁসের ঘটনায় শিয়ালদহে বিক্ষোভে দেখা গিয়েছিল সৌমিক চ্যাটার্জীকে । সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে আগুন ধরিয়ে সেই আগুনে সিগারেট জ্বালিয়ে ফুঁকতে দেখা যায় তাকে । সেই ছবি সে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করে । ছবিটি ভাইরাল হলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এলাকায় । এরপর আজ শনিবার সকালে বিজেপির পক্ষ থেকে বারাসাত থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের ভিত্তিতে সৌমিক চ্যাটার্জীকে গ্রেফতার করা হয়।
এদিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বারাসাত থানার সামনে জড়ো হন বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি তোলেন তাঁরা। বিক্ষোভের জেরে থানা চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়।।
