এইদিন ওয়েবডেস্ক,উত্তর ২৪ পরগনা,১০ জুলাই : এক কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর পর ভিন ধর্মের যুবকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমার গোপীনাথপুর এলাকা । কয়েক দিন আগে গোপালনগর থানা এলাকার অষ্টম শ্রেণির ওই ছাত্রীর দেহ উদ্ধার হয়।ঘটনার পর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আজমির মন্ডল ওরফে নুর আজমির নামে যুবককে গ্রেফতার করা হয়েছে। মৃত ছাত্রীর পরিবারের দাবি, ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক নাবালিকাকে মানসিক চাপে ফেলেছিল। পরে সম্পর্ক থেকে সরে আসতে চাইলে তাকে ভয় দেখানো ও হুমকি দেওয়া হয়। এর জেরেই নাবালিকা আত্মহত্যার পথ বেছে নেয় বলে অভিযোগ।
নাবালিকার মৃত্যুর পর কয়েকটি হিন্দু সংগঠন ‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলে প্রতিবাদ শুরু করে। বৃহস্পতিবার সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে স্মরণসভা ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল।অভিযোগ, মিছিল চলাকালীন একাংশের বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠে। অন্তত তিনটি বাড়ি ও তিনটি দোকানে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। তখন বিক্ষুব্ধ জনতার একাংশ পুলিশের ইট-পাটকেল ছোড়া এবং হামলার চালায় বলে অভিযোগ। ঘটনায় দুই আধিকারিক-সহ মোট সাতজন পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা করানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা, ভাঙচুর এবং পুলিশের উপর হামলার ঘটনায় কয়েক জনকে আটক করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, নাবালিকার মৃত্যুর তদন্তের পাশাপাশি ভাঙচুর, হামলা এবং সরকারি কর্মীদের উপর আক্রমণের অভিযোগে পৃথক মামলা রুজু হয়েছে।
বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার জানান, ‘লাভ জেহাদের’ অভিযোগের প্রতিবাদে বহু মানুষ একত্রিত হয়েছিলেন বলে তিনি জানতে পেরেছেন। তবে কোনও অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। তাঁর কথায়, অভিযোগ থাকলে তা পুলিশের কাছে জানাতে হবে। আইনের পথেই ব্যবস্থা নেওয়া হবে । একই সঙ্গে পুলিশকর্মীদের ওপর হামলার ঘটনাকেও তিনি অনভিপ্রেত বলে মন্তব্য করেন।।
