এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,০৮ জুলাই : দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত সূর্যহাট এলাকায় এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ-খুনের ঘটনায় সুপরিকল্পিত হিংসা ছড়ানো হয়৷ তুলে ফেলা হয় রেললাইন । ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি । হামলা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর । সেই সময় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক নির্দোষ যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়৷ মঙ্গলবার বারুইপুরে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এই হিংসায় পিছন থেকে যারা উসকানি দিয়েছিল তাদের মধ্যে রয়েছে ভোটে হেরে যাওয়া(তৃণমূল) ও একটা আসনে জেতা দল (সিপিএম) এবং চরমপন্থী ও দেশবিরোধীরা ।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই ‘অপরাধমূলক ষড়যন্ত্র ও উস্কানি’র অভিযোগ তুলে মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। বারুইপুর বিজেপির ৪ নম্বর মণ্ডলের সভাপতি অরুণ প্রধানের দায়ের করা অভিযোগে নাম রয়েছে সিপিএমের সুজন চক্রবর্তী,লাহেক আলি, মোনালিসা সিনহা ও সইফুদ্দিন মন্ডলের । বিজেপির অভিযোগ, সূর্যপুরের ঘটনার পর সোস্যাল মিডিয়া ও জনসমক্ষে প্ররোচনামূলক মন্তব্য করা হয়েছে। মিথ্যা খবর প্রচার করে এলাকায় দাঙ্গা লাগানোর চেষ্টা হয়েছে । অভিযোগপত্রে বিজেপি নেতৃত্ব অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, গত ৪ জুলাই সূর্যপুর থেকে ১১ বছরের এক নাবালিকা নিখোঁজ হয়। পরদিন পুকুরপাড় থেকে তার দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । একজন অভিযুক্তের সন্ধানে তল্লাশি অভিযান চলছে । এখন দেখার বিষয় অভিযুক্ত সিপিএমের নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় পুলিশ । পাশাপাশি দাঙ্গায় যে বিপুল পরিমান ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ দাঙ্গাবাজ ও দাঙ্গায় উসকানিদাতাদের কাছ থেকে উসুল করা হয় কিনা সেটা জানার অপেক্ষায় আছে রাজ্যবাসী ।।

