এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ জুলাই : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি ক্ষমতায় আসার পর প্রথম রথযাত্রা আয়োজিত হতে চলেছে এরাজ্যে । আর প্রথম রথযাত্রাকে স্মরণীয় করে রাখতে “রথযাত্রা বাম্পার” অনুদান ঘোষণা করল রাজ্য সরকার । এবার থেকে ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়ে নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উদ্দেশ্য হল এরাজ্যের রথ উৎসবকে আরও জাঁকজমকপূর্ণ করে তোলা । নবান্নের তরফে জানানো হয়েছে, জেলাশাসকদের সুপারিশের ভিত্তিতে রাজ্যের চিহ্নিত রথযাত্রা কমিটিগুলোকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে।
তবে শুধু সরকারি অনুদানই নয়,রাজ্যের ঐতিহ্যবাহী রথযাত্রায় পুণ্যার্থীদের সুবিধার্থে জেলায় জেলায় বিশেষ সেবা শিবির করা হবে। এই শিবিরগুলো থেকে মিলবে পানীয় জল, ওআরএস (ORS), প্রাথমিক চিকিৎসা, জরুরি চিকিৎসা পরিষেবা এবং অনান্য প্রয়োজনীয় সহায়তা ।
উল্লেখ্য, তৃণমূল জমানায় দুর্গাপুজোর ক্লাবগুলোকে অনুদান দিত রাজ্য সরকার। গতবারের দুর্গোৎসবে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল। তবে এবারে বিগ বাজেটের পুজো কমিটিগুলি সরকারি অনুদান নাও পেতে পারে । কারন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন যে, যে উদ্যোক্তারা অর্থাভাবে দুর্গাপুজো করতে সমস্যায় পড়ে তাদেরই অনুদান পাওয়া উচিত । কিন্তু তার আগেই রথ উৎসবকে আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ।
আগামী ১৬ জুলাই থেকে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ জুলাই কমিটিগুলোর হাতে অনুদানের চেক তুলে দেওয়া হবে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই চেক প্রদান করবে বলে খবর । তার আগে ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে চিহ্নিত করার জন্য জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে । জেলাশাসকদের রিপোর্টের ভিত্তিতেই কোন কমিটির রথ কত বড়, তার ভিত্তিতেও সরকারি অনুদান দেওয়া হবে বলে জানা গিয়েছে।।

