এইদিন ওয়েবডেস্ক,মালদা,২০ জুন : বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকানোর বিজিবির চেষ্টা ব্যর্থ করে দিল বিএসএফ । এক ঘটনাকে ঘিরে আজ শনিবার সকালে মালদার বৈষ্ণবনগরের সুকদেবপুরে ভারত-বাংলাদেশ সীমান্তে ব্যাপক উত্তেজনা ছড়ায় । এর আগে বছর দেড়েক আগে মালদার ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ তারকাঁটার বেড়া দেওয়ার কাজ শুরু করলে সেই কাজে বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ‘বাধাদান করে এবং সেই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে এবারে তারকাঁটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে নয়, শুক্রবার রাতে বেশকিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বা বিজিবি । যদিও সেই চেষ্টা রুখে দেয় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ।
আজ বিজিবি ফের বৈষ্ণবনগরের সুকদেবপুর সীমান্ত দিয়ে বেশ কিছু অনুপ্রবেশকারীকে ঢোকানোর চেষ্টা করলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । মালদার সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন, কিছু বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল। তাদের ধরে বিএসএফ বাংলাদেশে ফেরত পাঠাচ্ছিল। সেই কারণেই বাংলাদেশিরা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি করেছে। তবে পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে বিএসএফ।।
