এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,২০ জুন : অবশেষে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের স্ত্রী সারিকা বিবিকে গ্রেপ্তার করল দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার জেলা পুলিশ। পুলিশ হেফাজতে থাকা স্বামী জাহাঙ্গির খানকে লক আপ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে দিন দুয়েক আগে লোকজন জড়ো করে ফলতা থানায় হামলা চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে । সারিকা বিবির বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক আইনসহ একাধিক ধারায় মামলা রুজু করেছে ফলতা থানার পুলিশ।
ভোটে কারচুপি’ ভোটারদের হুমকি, তোলাবাজি সহ একাধিক অভিযোগে বেশ কয়েকদিন আগেই ডায়মন্ড হারবারের ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ নিজেকে দক্ষিণের ছবির নায়ক চরিত্র “পুষ্পা” বলে ঘোষণা করা জাহাঙ্গীর ভোটের ফল ঘোষণার পরেই পরিবার নিয়ে বেপাত্তা হয়ে যায় । পরিবারসহ নেপালে গিয়ে বসবাস করার পরিকল্পনা করেছিল সে । কিন্তু দার্জিলিংয়ে নেপাল সীমান্ত এলাকায় একটা ভাড়া বাড়ি থেকে পুলিশ তাকে পাকড়াও করে আনে । পরে তাকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নেয় পুলিশ ।
পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তাকে ফলতা থানা থেকে ছিনিয়ে নেওয়ার জন্য প্রচুর লোক জড়ো ষ্টা করেন সারিকা বিবি। তারা থানার সামনে গিয়ে তাণ্ডব চালায়, ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি । যদিও কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে হামলাকারীরা। পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতরে অন্য পাড়ে উঠে পালায় অনেকেই। এই ঘটনায় ৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ দায়ের হয় জাহাঙ্গিরের স্ত্রী সারিকা বিবির বিরুদ্ধেও। এই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি । অবশেষে আজ শনিবার ২০ জুন সকালে তাঁকে জুলপিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে। সেদিনের হামলার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য কয়েকদিন আগেই পুলিশকে নির্দেশ দিয়েছেন। হামলাকারীদের বিরুদ্ধে এমনকি ভারতীয় ন্যায় সংহিতার রাষ্ট্রদোহীর ধারাও সংযুক্ত করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি ।।
