এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগনা,১৭ জুন : ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবিসহ তার উসকানিতে মঙ্গলবার ফলতা থানার সামনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা করা প্রত্যেকের বিরুদ্ধে দেশদ্রোহীতার ধারায় মামলা দায়ের করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রেজিনা বিবির নেতৃত্বেই মূলত ফলতা থানায় হামলা করে প্রচুর মুসলিম মহিলা ও পুরুষ । তবে পুলিশ- কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে পালিয়ে যায় জাহাঙ্গিরের অনুগামীরা। সেই ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । এফ আই আর করা হয়েছে রেজিনা বিবির বিরুদ্ধে ।আজ বুধবার তাদের ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয় ৷ এদিকে এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই আজ বুধবার ফলতায় খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জনসভা করেন । জনসভায় তিনি দক্ষিণ ২৪ পরগণা জেলার পুলিশ সুপারকে জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার দেশদ্রোহীতার ধারায় মামলা করার নির্দেশ দেন । মুখ্যমন্ত্রী পুলিশ সুপারকে নির্দেশ দেন যে ভিডিও দেখে প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে । তাদের বিরুদ্ধে শুধু দেশদ্রোহীতার ধারায় মামলা নয়, সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে জানান তিনি ।
শুভেন্দু অধিকারী বলেন,’ফলতার এক মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারি ফোর্সের উপরে হামলা চালানো হয়। আমি ডিজিপিকে বলব, কেউ যেন বাড়িতে না থাকে। তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে।’ এখানেই শেষ নয়, জাহাঙ্গিরের স্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের ধারায় মামলা দেওয়ারও নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন,’রাষ্ট্র বিরোধী কার্যকলাপের ধারায় এমন শিক্ষা দিন যাতে আগামীতে এই কাজ করার সাহস কেউ না দেখায়।’
তিনি আরও বলেন,’এদের সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামে চড়ানোর কাজ সরকার করবে।’ তার আগে মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন,’আমি আবারও বলছি কেউ আইন হাতে তুলে নেবেন না। এই সরকার কাউকে ছাড়বে না। ফলতা আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। ভোট লুঠ তো অতীত হয়ে গেছে। কোনো দুর্নীতি, জমি দখল হবে না।’ আপাতত ফলতা থানার লকআপে রয়েছে জাহাঙ্গির খান। তাকে লক আপ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য জাহাঙ্গিরের স্ত্রী’র নেতৃত্বে মঙ্গলবার থানায় বিক্ষোভ চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে জমায়েত ছত্রভঙ্গ করে দেয় ।।
