এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ জুন : কালীঘাটে অভিষেক ব্যানার্জির বাড়িতে তল্লাশি অভিযান চালালো মেদিনীপুরের শালবনী থানার পুলিশ । জানা গেছে, অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের সন্ধ্যানে আজ শনিবার ভোররাতে পুলিশ আচমকা কালীঘাটে আচমকা হানা দেয় । বিশাল কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশ ঘিরে ফেলে গোটা বাড়ি । সুমিতের মোবাইলের সর্বশেষ ‘টাওয়ার লোকেশন’, যা শেষবার পাওয়া গিয়েছিল অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাড়িতেই ।
জানা গিয়েছে, আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে। টাকার বিনিময়ে টিকিট দেওয়ার অভিযোগ উঠেছে। অপর একটি সূত্রে খবর, জমি কেলেঙ্কারিতে নাম রয়েছে সুমিতের। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে জমি কেলেঙ্কারিতে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করার সময় সুমিত রায়ের নাম উঠে আসে। সেই কেসে শালবনি থানা পুলিশ ওয়ারেন্ট নিয়ে আসে।
সুমিতের মোবাইলের লোকেশন ট্র্যাক করতে গিয়ে পুলিশ জানতে পারে, তাঁর সর্বশেষ অবস্থান ছিল কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেক ব্যানার্জির ওই বাড়িতে। এই সূত্রের ভিত্তিতেই আজ ভোর রাত ৩টে নাগাদ শালবনি থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিশাল দল অভিষেকের বাড়িতে পৌঁছায়।ডিজাস্টার ম্যানেজমেন্ট এসে তালা ভাঙে। এরপরে শালবনি থানার সাতজনের টিম বাড়ির ভিতরে ঢোকেন। তল্লাশি করা হয়, জিজ্ঞাসাবাদও করা হয়। সেই সময় বাড়িতে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি স্বয়ং । এই নজিরবিহীন ঘটনায় তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে ।
পুলিশের এই অভিযান নিয়ে চরম ক্ষুব্ধ দেখা যায় ডায়মন্ড হারবারের তৃণমূল বিধায়ককে । অভিষেক নিজেই বলেন,’তালা ভেঙে পুরো বাড়ি তল্লাশি করেছে পুলিশ ।’ তবে কেন এই অভিযান? এবিষয়ে তিনি বলেন,’লুকিয়ে রেখেছি কি না…..আমার পুরো বাড়ি সার্চ হয়েছে। এর উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞাসা করুন।’।
