এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ জুন : দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তৃণমূল জমানায় একের পর এক সরকারি প্রকল্পে দুর্নীতির এখন ‘হিসাব হচ্ছে’ । কোথাও সরকারি ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হচ্ছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক । কোথাও তৃণমূল নেতাকে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে কোমড়ে দড়ি পরিয়ে রাস্তায় প্যারেড করানো হচ্ছে । আজ সোমবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার খাজুরডিহি পঞ্চায়েত অফিসে ৪ সুপার ভাইজারকে ডেকে এনে একশো দিনের কাজে অনিয়মের অর্থ ফেরতের জন্য অঙ্গীকার করানো হল । নির্দিষ্ট সময়ের মধ্যে ওই টাকা ফেরত দেওয়ার জন্য মুচলেকাও লিখিয়ে নেওয়া হয় । তাদের বিরুদ্ধে একশো দিনের কাজ প্রকল্পে জবকার্ডে বেশি বেশি কাজ দেখিয়ে সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ।
জানা গিয়েছে,আজ যাদের কাছ থেকে টাকা ফেরতের মুচলেকা লিখিয়ে নেওয়া হয়েছে তারা হলেন : খাজুরডিহি পঞ্চায়েতের ২৮ নম্বর বুথের সুপারভাইজার জয়ন্ত মাজি, সুদীপ হাজরা, ২৪ নম্বর বুথের সুপারভাইজার কামাল গুঁই, এবং ২৫ নম্বর বুথের সুপারভাইজার মিঠুন সর্দার । তাদের বিরুদ্ধে অভিযোগ,শতাধিক গ্রামবাসীর হাজিরা বেশি করে দেখিয়ে দিয়ে সেই টাকা অন্য কোনও অ্যাকাউন্টে ট্রান্সফার করে আত্মসাৎ করে নিয়েছেন তারা । বিষয়টি নিয়ে কয়েকদিন ধরেই কানাঘুঁষা চলছিল। আজ স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে চেপে ধরতেই তারা নিজেদের কৃতকর্মের কথা কবুল করে নেন । এরপর তাদের কাছ থেকে মুচলেকা আদায় করে নেওয়া হয় ।
সেই সাথে বিভিন্ন সরকারি প্রকল্পের মালপত্র আত্মসাৎ করার উদ্দেশ্যে খাজুরডিহি পঞ্চায়েতে মজুত করে রাখার অভিযোগও উঠেছে । জানা গেছে, এদিন বেশ কিছু গ্রামবাসী পঞ্চায়েত অফিসে গিয়ে হানা দেয় । তারা দোতলা পঞ্চায়েত ভবনের ৪ টি ঘর খুলতেই দেখেন সার, ধানবীজ, সরষে বীজ, কীটনাশক,ত্রিপল,স্কুলের পোশাক ও থান প্রভৃতি সামগ্রী মজুত করে রাখা হয়েছে । অভিযোগ সরকারি সামগ্রী এলাকাবাসীদের বিলির জন্য দেওয়া হলেও সেগুলি আত্মসাতের জন্য আটকে রাখা হয়েছিল। এই সন্দেহে গ্রামবাসীরা ওই চারটি ঘরে তালা ঝুলিয়ে দিয়ে আসে । যদিও আলমপুর পঞ্চায়েতের প্রধান মোল্লা নজরুল হকের দাবি,কোনও অনিয়ম হয়নি । তাদের দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারনেই সেগুলি বিতরণ করা সম্ভব হয়নি৷ গ্রামবাসীরা জানিয়েছেন, বর্তমান বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ আসার পরেই ওই সমস্ত সামগ্রীগুলি কি করা হবে তা নিয়ে সিদ্ধান্ত হবে । এই সমস্ত ঘটনা ক্রমকে ঘিরে তোলপাড় পড়ে যায় কাটোয়ায় ।।
