এইদিন ওয়েবডেস্ক,নিউ জলপাইগুড়ি,২৪ অক্টোবর : ফের মাদক পাচারের ছক ভেস্তে দিল রেল পুলিশ । এবারে সোপ কেসের ভিতরে ব্রাউন সুগার পাচারের চেষ্টার অভিযোগে নিউ জলপাইগুড়ি জংশন (NJP) থেকে গ্রেপ্তার হয়েছে এক মহিলা । ধৃতের নাম রেহানা খাতুন (৩১) । তিনি অসমের নগাঁও জেলার বাসিন্দা। আজ শনিবার শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ তাকে হাতেনাতে পাকড়াও করে । ওই সোপ কেস থেকে প্রায় ১০০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে জানা গেছে ।
জানা গেছে,গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও এনজেপি জিআরপির সাদা পোশাকের পুলিশ এদিন এনজেপি স্টেশনে হানা দেয় । অসম থেকে আসা ডাউন বিবেক এক্সপ্রেস এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছলে ট্রেনের বি-৫ এসি কামরায় এক সন্দেহভাজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকেরা । তার কথায় অসঙ্গতি ধরা পড়ায় তার সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে ছটি সাবানের কেসের মধ্যে রাখা প্রায় ১০০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।এরপর মহিলাকে গ্রেপ্তার করা হয় । ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে । রবিবার তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে বলে জানা গেছে ।
জিআরপি সূত্রে খবর,উদ্ধার হওয়া মাদক অসম থেকে দক্ষিণ ভারতের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল । এই চক্রের বাকি সদস্যদের সনাক্ত করতে ধৃত মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।।

