এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,২৮ মে : আজ গোটা রাজ্য জুড়ে মুসলিম সম্প্রদায়ের পরব ঈদ পালিত হচ্ছে । ২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত এই দিনটিতে কলকাতার রেড রোডে আয়োজিত ঈদের নামাজ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৷ কিন্তু রাজ্যের নতুন সরকার রাস্তায় যেকোনো প্রকার ধর্মীয় কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা জারি করায় ব্রিগেড প্যারেডে এবারের ঈদের নামাজ পাঠের আয়োজন করা হয়েছিল । তবে পূর্বিসূরীর দেখানো পথ অনুসরণ করেননি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । পরন্তু তিনি এই দিনটিতে মায়াপুরের ইস্কন মন্দিরে যজ্ঞানুষ্ঠান ও গোমাতার বিশেষ পুজোয় অংশ নিয়েছিলেন ।
গত মঙ্গলবার নদিয়ার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর, আজ বৃহস্পতিবার ফের জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । সকালে হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে করে তিনি মায়াপুরে পৌঁছান ৷ মায়াপুরের হেলিপ্যাডে অবতরণ করে সোজা চলে যান ইসকন মন্দিরে । মন্দিরের গোশালার গোমাতার বিশেষ পুজোয় অংশ নেন এবং নিজের হাতে গোমাতাকে খাওয়ান। এরপর যান মূল চন্দ্রোদয় মন্দিরে । সেখানে সাধুসন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং পরে তিনি বিশেষ পুজোপাঠ এবং যজ্ঞানুষ্ঠানে যোগ দেন । পূজো শেষে মন্দির চত্বরে সাধুসন্তদের সঙ্গে একটি বৈঠকেও বসেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে আজ সকাল থেকেই মায়াপুরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা । মন্দির চত্বরে ছিল সাজ সাজ রব। খোল করতাল সহযোগে তালে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান ভক্তরা। মুখ্যমন্ত্রীর এই আধ্যাত্মিক সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।।

