এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৮ মে : মমতা ব্যানার্জির রাজত্বের অবসানের পর,এই প্রথম রেড রোডের পরিবর্তে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হল ঈদের নামাজ পাঠের অনুষ্ঠান । এদিকে কলকাতার সড়কপথে নামাজের আয়োজন না করায় কোথাও যানজট দেখা যায়নি । সকাল থেকেই কলকাতার সমস্ত রাস্তা ছিল সচল ।
মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন গতবছর পর্যন্ত রেড রোডসহ কলকাতার বিভিন্ন মসজিদ সংলগ্ন সড়কপথে ঈদের নামাজের আয়োজন করা হত । খোদ মমতা ব্যানার্জি প্রতি বছর রেড রোডে নামাজ পাঠে অংশগ্রহণ করতেন । ফলে কার্যত গোটা শহর জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হত । দুর্ভোগে পড়তে হত সাধারণ মানুষদের ।
গত বছরই সেনাবাহিনীর তরফে নিরাপত্তার স্বার্থে রেড রোডে নমাজের অনুমোদনে আপত্তি তোলা হয়েছিল। কিন্তু নামাজ বন্ধ হয়নি । কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী স্পষ্ট বার্তা দিয়েছিলেন যে, সাধারণ মানুষের অসুবিধার সৃষ্টি করে সড়কপথে কোনও ধর্মীয় সমাবেশ আয়োজন করা যাবে না । শেষ পর্যন্ত নবান্ন ও সেনার আলোচনার ভিত্তিতেই ব্রিগেড ময়দানকে নতুন স্থান হিসেবে চূড়ান্ত করা হয় । এরপর আজ বৃহস্পতিবার ঈদের নামাজ ব্রিগেডেই পড়াল হল।
মুসলিম সম্প্রদায়ের এই পরব উপলক্ষে আজ সকাল থেকেই ব্রিগেড ময়দান ও গোটা কলকাতাজুড়ে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েনের পাশাপাশি শহরের বিভিন্ন উঁচু স্থান থেকে ওয়াচ-টাওয়ারের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে ।।
