এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ মে : বিধানসভার ভোটের গননা মিটতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া যাচ্ছে । কলকাতার নিউটাউন ও হাওড়াতে দুই বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের বড়াডিহ এলাকার বাসিন্দা একটি বাড়িতে হামলা চালানো হয়েছে বিজেপিকে ভোট দেওয়ায় অপরাধে ।
সংবাদমাধ্যমের খবর,গতকাল রাতে নিউটাউনে বিজয় মিছিলে মণ্ডল নামে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । মধু মণ্ডলকে নির্মমভাবে মারধর করা হয়, তারপরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । অপরদিকে, গতকাল রাতে ভোটের ফল বেরোনের পর বাড়ি ফেরার পথে হাওড়াতে মাতেন যাদব বর (৪৮) নামে এক বিজেপি সমর্থককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । উদয়নারায়ণপুর বিধানসভার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ১৪৮ নম্বর বুথ এলাকার বাসিন্দা ছিলেন তিনি । তিনি বিজেপির সক্রিয় কর্মী ছিলেন বলে দাবি পরিবারের । তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায় কয়েক জন। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় যাদবকে। খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে যান অকুস্থলে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উদয়নারায়ণপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পাশাপাশি, উত্তর ২৪ পরগনা জেলার বড়াডিহ এলাকায় একটি পরিবার আক্রমণের শিকার হয়েছে। ভুক্তভোগী মদন মোরলের অভিযোগ, তিনি নির্বাচনে বিজেপিকে ভোট দিয়েছিলেন এবং গভীর রাতে প্রায় ৪০-৫০ জন টিএমসি গুন্ডা তাঁর বাড়িতে হামলা চালায়। সংবাদ সংস্থা এ এন আই-কে মদন মোরল বলেন, “আমরা বিজেপিকে ভোট দিয়েছিলাম, তাই গতকাল গভীর রাতে ৪০-৫০ জন তৃণমূল দুষ্কৃতকারী এসে আমাদের বাড়ি ভাঙচুর করে এবং আমাদের মারধর করে। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে আসে। আমি খুব ভয়ে আছি ।”
পুলিশ জানিয়েছে, তারা অপরাধীদের শনাক্ত করছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে। এই ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ।।
