এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৫ মে : ভোটের দিন অশান্তি পাকানোর অভিযোগে গ্রেপ্তার হলেন মুর্শিদাবাদ জেলার নওদার তৃণমূল নেতা শফিউজ্জামান শেখ ওরফে হাবিব মাস্টার৷ সোমবার রাতে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় । তবে এখনো পর্যন্ত তার পাশে দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি । গ্রেপ্তারি এড়াতেই কেউ হাবিব মাস্টারের পাশে তারা দাঁড়াবার সাহস করছে না বলে মনে করা হচ্ছে । এদিকে হুমায়ুন কবিরের নওদার সভাপতি প্রতিক্রিয়ায় বলেছেন,”পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে ।”
সাংসদ আবু তাহের খায়ের ভাগ্নে হাবিব মাস্টার নওদা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি ও মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন । গত ২৩ এপ্রিল রাজ্যের প্রথমদফার ভোটের দিন এলাকায় অশান্তি পাকানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে । তারপর থেকেই হাবিব মাস্টারকে গ্রেপ্তারের দাবি ওঠে । অবশেষে সোমবার রাতে তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে থানার পুলিশ ভারপ্রাপ্ত ওসি । আজ মঙ্গলবার ধৃত তৃনমূল নেতাকে আদালতে পাঠানো হয়েছে ।
হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির নওদার সভাপতি সাহেদুল ইসলাম বলেন,’হাবিব মাস্টারের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল । সে এলাকায় বহু সন্ত্রাস চালিয়েছে, বহু দুর্নীতি করেছে । অথচ অভিষেক ব্যানার্জি তাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে গিয়েছিলেন । তখন ওদের সরকার ছিল । তাই গ্রেপ্তার হয়নি । আজ সরকার পরিবর্তন হওয়ায় গ্রেপ্তার হয়েছে৷ আশা করছি হাবিব মাস্টারের সাঙ্গপাঙ্গদেরও পুলিশ গ্রেপ্তার করবে ।’।
