এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ এপ্রিল : গত ২৩-শে এপ্রিল প্রথম দফার রেকর্ড ভোটিং দেখার পর “তৃণমূলের গুন্ডারা পাংচারের দোকান খোলার জন্য প্রস্তুত হচ্ছে” বলে মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । আজ শনিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষের সমর্থনে নির্বাচনী জনসভায় যোগ দেন যোগী । কাটোয়া স্টেডিয়ামে আয়োজিত ওই জনসভায় তিনি বলেন, ‘টিএমসি মুক্ত বাংলা, এই ভাবনাকে মাথায় রেখে ২৩ শে এপ্রিল প্রথম দফার ভোট হয়েছে । রেকর্ড সংখ্যায় বাংলার মানুষ ভোট দান করেছেন৷ ১৫২ বিধানসভার ভোটিং আভাস দেয় যে ৪ মে যখন ইভিএম খুলবে তখন চারিদিকে পদ্ম আর পদ্ম দেখতে পাওয়া যাবে ।
ডবল ইঞ্জিন সরকার তৈরি হলে তৃণমূলের গুন্ডাদের মাথা লুকোনোর জায়গা থাকবে না । আর আমি কালকে দেখলাম যে তৃণমূলের অনেক গুন্ডা কামধান্দার তল্লাশি শুরু করেছে । কেউ ভাবছে পাংচারের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে,কেউ বাংলার রাস্তায় ঝাড়ু দিয়ে নিজের প্রাণ বাঁচানোর কথা ভাবছে ।’
যোগী আদিত্যনাথ বলেন, ‘আপনারক এদের গুন্ডামি দেখেছেন । কিভাবে তারা শুভেন্দু অধিকারীর ওপর হামলা করার দুঃসাহস করেছিল । আপনাদের এই কারণে আমি অভিনন্দন করব যে এই অরাজকতার বিরুদ্ধে মুখর হয়ে কিভাবে আপনারা সামনে এসেছেন । এত ভীষণ গরমেও এখানে হাজার হাজার জনতার উপস্থিতির প্রমাণ । আপনারা তৃণমূলের বিরুদ্ধে, গুন্ডামির বিরুদ্ধে, অরাজকতার বিরুদ্ধে যে প্রতিকারের যে পদ্ধতি অবলম্বন করেছেন , খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বক্তব্য শোনা এটা আপনাদের সাধনা । আর আপনাদের সাধনার সিদ্ধি লাভ হবে ৪ মে। আপনাদের লক্ষ্য অবশ্যই অর্জন হবে । কেউ আটকাতে পারবেনা ।’
কাটোয়ার তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক ও প্রার্থী রবীন্দ্রনাথ চ্যাটার্জির নাম না করে তিনি বলেন, আমি শুনেছি যে উনি ৬ বারের বিধায়ক । উনি নিজের পরিবারকে তো সমৃদ্ধ করেছেন, কিন্তু কাটোয়ার দিকে কোন নজর দেননি । সার্বিক উন্নয়ন নিয়ে ওনার কোন মাথাব্যথাই নেই । এই পরিবারবাদী পার্টি সামগ্রিক উন্নয়নে নজর দেয়না, কেবল নিজেদের উন্নয়নে নজর দেয় ।’
তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে নিশানা করে যোগী বলেন,’মমতা দিদি বলেনা, “খেলা হবে” । এবার আমি মমতা দিদিকে বলতে চাই যে খেলা শেষ উন্নয়ন শুরু । বাংলায় খেলা শেষ হয়ে গেছে…সমাপ্ত । এবার উন্নয়ন হবে । কারণ কাটোয়া থেকে কৃষ্ণ ঘোষ এবার বিধায়ক হবেন । কৃষ্ণ ঘোষ বিধায়ক হলে বালি মাফিয়ারা মাটিতে মিশে যাবে । কৃষ্ণ ঘোষ বিধায়ক হলে আগামী দিনে কেউ বুথ দখল করতে পারবে না । উন্নয়নের অর্থ থেকে কেউ কাটমানি নেয়ার দুঃসাহস করতে পারবে না। কৃষ্ণ ঘোষ বিধায়ক হলে রেলওয়ে ব্রিজ তৈরি হয়ে যাবে । ভাগীরথীর উপর নতুন ব্রিজ নির্মাণ হবে । কারণ বাংলা আজ এটাই চাইছে।’
পাশাপাশি বাংলার অতীত ঐতিহ্য স্মরণ করিয়ে দিয়ে যোগী বলেন,’যে বাংলা বিশ্বের সামনে দেশের পরিচয় করিয়ে দিয়েছিল,আজ সেই বাংলা নিজের পরিচয় ফিরে পাওয়ার জন্য লালায়িত ।’ তিনি ‘ডবল ইঞ্জিন’ সরকারের সুবিধার কথা উল্লেখ করার জন্য নিজ রাজ্যের দৃষ্টান্ত তুলে ধরে বলেন,’কংগ্রেস,বামপন্থী আর ১৫ বছরের তৃণমূলের শাসন বাংলাকে দুর্বল করে দিয়েছে৷ একইরকমভাবে উত্তরপ্রদেশকেও অসুস্থ(বিমারু) রাজ্য করে দিয়েছিল কংগ্রেস আর সমাজবাদী পার্টি । কিন্তু আজ ইউপি মে না কার্ফু হ্যায়,না দাঙ্গা হ্যায়, আজ সব চাঙ্গা হ্যায় ।’
আজ যোগী আদিত্যনাথ আশ্বাস দেন যে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার হলে এবং কাটোয়ায় বিজেপি প্রার্থী জিতলে কাটোয়ায় রেলওয়ে ব্রিজ এবং ভাগিরথীতে নতুন সেতু নির্মান হবে ।।
